জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আমির খসরু দীর্ঘদিন ভয়েস অব আমেরিকায় সাংবাদিকতা করেছেন। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘ কর্মজীবনে তিনি সংবাদমাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। তার মৃত্যুতে পিরোজপুরের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর পিজি হাসপাতাল এর আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকায়। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম সাহেবের জ্যেষ্ঠ সন্তান।
তার এই প্রয়াণে শোক জানিয়েছেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী।
আমির খসরুর ছোট বোন খুলনা পাইনিয়র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সালমা আরজু জানিয়েছেন, আগামীকাল রোববার জানাজা শেষে ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
সময়ের আলো/আতা