গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায় আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামী ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এতে আরও জানানো হয়, সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি মঙ্গলবার (১৩ অক্টোবর) একই সময় পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই দু’দিনেও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে আগামী বুধ ও বৃহস্পতিবার (১৪-১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই দু’দিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এর মধ্যে বুধবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় দেশের সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে নেত্রকোণায় ৬ মিলিমিটার ছাড়াও নরসিংদীতে ৫, রাজশাহীর বাঘাবাড়ীতে ৪ এবং ফরিদপুর ও ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের মাঝামাঝি সময়ে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সময়ের আলো/কেএইচও