যশোরে ইঞ্জিনচালিত করিমন চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাত ৩টার দিকে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় খালে লাফ দিয়ে নিখোঁজ হন বিল্লাল হোসেন নামে আরেক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মনিরুজ্জামান নামে আরেকজন। হতাহতরা পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, চুরির অভিযোগে গণপিটুনিতে একজন মারা গেছেন। একজন খালে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি খালে আছেন নাকি পালিয়ে গেছেন বলা যাচ্ছে না।
এ ছাড়া আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন আরও বলেন, বিষয়টি পুলিশ তদন্ত চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে পুলিশ নজরদারি করছে।
সময়ের আলো/আতা