রাজধানীর পল্টনে বিএনপির মহাসমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতা বেলালকে হত্যাচেষ্টার মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) কারাগার থেকে দীপঙ্কর তালুকদারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনা সরকারের গুম-খুন, নিপীড়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি ও এর শরিক দলগুলো। ওই সমাবেশে অংশ নেন মামলার বাদী বেলাল।
অভিযোগ অনুযায়ী, সে সময় পুলিশ নির্বিচারে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়ে বেলাল মাটিতে পড়ে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে কুপিয়ে জখম করেন। এরপর এক পুলিশ কর্মকর্তার নির্দেশে আরেক পুলিশ সদস্য তার কপালে রাবার বুলেট ছোড়েন। এতে অচেতন হয়ে পড়ে গেলে তাকে মৃত ভেবে একটি গাড়ির নিচে ফেলে রাখা হয়।
পরে অন্য নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে যান। তবে সেখানে তাকে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তিনি বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে দীর্ঘ সময় চিকিৎসা নেন। সুস্থ হওয়ার পর তিনি এ ঘটনায় মামলা করেন।
সময়ের আলো/জেডি