ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। মহাপরিচালক হিসেবে দুই বছর ১০ দিন দায়িত্ব পালনের পর মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে গেছেন।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টায় নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে নবনিযুক্ত মহাপরিচালককে সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন বিদায়ী মহাপরিচালক।
এদিন সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে তার বিদায়ী দরবার অনুষ্ঠিত হয়। এতে অধিদফতরের পরিচালক, প্রকল্প পরিচালক, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি অংশ নেন। দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকেও কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।
দুপুর ১২টায় অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালকের কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন কর্মকর্তারা। নিজের বক্তব্যে মুহাম্মদ জাহেদ কামাল দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
পরে নিজ দফতরে নবনিযুক্ত মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। এ সময় পরিদর্শন বইয়ে স্বাক্ষর করার পর অধিদফতররে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন এবং সদর দফতর ত্যাগ করেন।
সময়ের আলো/কেএইচও