সচিব হিসেবে একযোগে পদোন্নতি পেয়েছেন বিদেশে থাকা বাংলাদেশের তিনটি মিশনের নেতৃত্বে থাকা তিন নারী কূটনীতিক (হাই কমিশনার ও রাষ্ট্রদূত)। সোমবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সচিব পদে এই পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত কূটনীতিকরা হলেন— ব্রুনাই দারুস সালামে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে নিযুক্ত হাই কমিশনার সামিনা নাজ এবং গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। তাদের মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের এবং নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বাংলাদেশের প্রথম আবাসিক হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সামিনা নাজ। এর আগে তিনি ভিয়েতনামে ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি হেগ, দিল্লি এবং নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে ভারতের মুম্বাইতে বাংলাদেশ মিশনে প্রথম ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার মাধ্যমে কোনো নারী কূটনীতিকের একক নেতৃত্বে প্রথম কোনো বাংলাদেশি মিশনের পথচলা শুরু হয়েছিল।
অন্যদের মধ্যে, গ্রিসের এথেন্সে যাওয়ার পূর্বে নাহিদা রহমান সুমনা টানা চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক জীবনে তিনি ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরায় বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
অপরদিকে ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া নওরীন আহসান প্রিটোরিয়া, হেগ এবং অটোয়ায় অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যবহিত পূর্বে দায়িত্ব পালন করা নিজ নিজ কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
সময়ের আলো/আতা