প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:২৯ পিএম আপডেট: ১৩.১০.২০২৬ ৪:২০ পিএম

সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত
সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত ঢাকা ও শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে যাত্রীদের যাতায়াতের সময় কমে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় নেমে আসবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত প্রস্তাবিত ৮১ কিলোমিটার রেলপথের পুরোটাই এলিভেটেড (উড়াল) হবে। এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। নতুন এ কর্ডলাইন (সোজা ও সংক্ষিপ্ত রেললাইন) নির্মিত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে।
পুরো রেলপথ এলিভেটেড হওয়ায় প্রায় ৩২২ একর জমি সাশ্রয় হবে। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা।
জমি অধিগ্রহণের পর প্রকল্পটি বাস্তবায়নে চার বছর লাগবে বলে প্রাথমিক পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।
সময়ের আলো/এনএন