ট্রেনের টিকিট কিনতে বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। অনুমোদিত মাধ্যমের বাইরে অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের কাছ থেকে টিকিট কিনে প্রতারণা কিংবা আর্থিক ক্ষতির শিকার হলে এর দায় বাংলাদেশ রেলওয়ে নেবে না।
সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় যাত্রীদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, ট্রেনের টিকিট কিনতে হবে বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd), ‘রেল সেবা’ অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার থেকে। এর বাইরে অন্য কোনো মাধ্যমে টিকিট কেনা বা কেনার চেষ্টা করতে গিয়ে আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হওয়ার মতো ঘটনা ঘটলে তার দায়ভার নেবে না রেলওয়ে।
এ ছাড়া যাত্রীদের পাসওয়ার্ড, ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যসহ অন্যান্য গোপনীয় তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
নিরাপদে ট্রেনের টিকিট কেনা এবং প্রতারণা এড়াতে সব সময় রেলওয়ের অনুমোদিত মাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সময়ের আলো/এসএকে