প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:০৩ পিএম
হোয়াটসঅ্যাপ। সংগৃহীত ছবিস্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অপব্যবহার এবং ব্যক্তিগত বার্তা ফাঁস হওয়ার ঝুঁকি থাকে। তবে ফোন হারিয়ে গেলেও কয়েকটি পদক্ষেপ অনুসরণ করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব।
যেভাবে পুনরুদ্ধার করবেন অ্যাকাউন্ট
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রথম ধাপ হলো নিজের ফোন নম্বরের নিয়ন্ত্রণ নিশ্চিত করা। অ্যাকাউন্টে পুনরায় প্রবেশের জন্য সংশ্লিষ্ট নম্বরে পাঠানো যাচাইকরণ কোড প্রয়োজন হয়। এ জন্য ফোন হারানোর পরপরই মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে হারানো সিম কার্ডটি বন্ধ করতে হবে। এরপর একই নম্বরের একটি নতুন সিম সংগ্রহ করে সচল করতে হবে।
নতুন সিমটি অন্য একটি ফোনে প্রবেশ করিয়ে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এরপর অ্যাপের নির্দেশনা অনুসরণ করে আগের ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্টটি পুনরায় নিবন্ধন করতে হবে। নতুন ফোনে নিবন্ধন সম্পন্ন হলে হারানো ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে লগআউট হয়ে যাবে।
যেসব বিষয় জানা জরুরি
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সাধারণত ব্যবহারকারীর অনুরোধে সরাসরি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিতে পারে না। অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বরের নিয়ন্ত্রণ যাচাই করা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একইভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হারানো ফোনের অবস্থানও শনাক্ত করা যায় না। ফোন খুঁজে পেতে অ্যান্ড্রয়েডের ‘ফাইন্ড হাব’ বা আইফোনের ‘ফাইন্ড মাই’ সুবিধা ব্যবহার করা যেতে পারে।
অন্য ফোনে একই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ চালু করলেই পুরোনো সব বার্তা ফিরে আসবে, এমন নিশ্চয়তা নেই। আগে থেকে চ্যাটের ব্যাকআপ রাখা থাকলে তা থেকে বার্তা পুনরুদ্ধার করা সম্ভব। অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্ট এবং আইফোনে আইক্লাউডে সংরক্ষিত ব্যাকআপ ব্যবহার করা যায়। তাই গুরুত্বপূর্ণ কথোপকথন হারানোর ঝুঁকি কমাতে নিয়মিত চ্যাটের ব্যাকআপ রাখা প্রয়োজন।
হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ সংস্করণ থেকে হারানো ফোনের অ্যাকাউন্ট সরাসরি নিষ্ক্রিয় করা যায় না। তাই দ্রুত সিম বন্ধ করে একই নম্বরের নতুন সিম সংগ্রহ এবং অন্য ফোনে অ্যাকাউন্ট পুনরায় নিবন্ধন করাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পুরোনো সিম ব্যবহার করতে না পারলে
হারানো সিম কার্ডটি ব্যবহার করা সম্ভব না হলে মোবাইল অপারেটরের কাছ থেকে একই নম্বরের নতুন সিম সংগ্রহের চেষ্টা করতে হবে। আর পুরোনো নম্বরের পরিবর্তে নতুন নম্বর ব্যবহার করতে চাইলে হোয়াটসঅ্যাপের ‘চেঞ্জ নম্বর’ সুবিধা কাজে লাগানো যায়।
তবে নম্বর পরিবর্তনের এই সুবিধা ব্যবহারের জন্য পুরোনো অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ থাকতে হবে এবং নতুন নম্বরটিও সচল থাকতে হবে। তাই ফোন হারানোর পর দ্রুত অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার দিকে নজর দেওয়া জরুরি।
সময়ের আলো/ইউএমএইচ