ছবি : সংগৃহীতইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় শান্তি আলোচনা আগামী মাস থেকে আবার শুরু করতে সম্মতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২১ অক্টোবর) ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতের অবসানে ওয়াশিংটনের নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি রাজকীয় প্রাসাদে অনুষ্ঠিত এ বৈঠক ছিল পুতিনের সঙ্গে উইটকফের নবম সরাসরি সাক্ষাৎ।
বৈঠকের শুরুতে সদিচ্ছার নিদর্শন হিসেবে অবসরপ্রাপ্ত মার্কিন স্কুলশিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয় রাশিয়া। তাঁকে মুক্তি দেওয়ার জন্য পুতিনের প্রতি অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প।
এদিকে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমছে কি না, তা নিয়ে কিয়েভ ও তার মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, রাশিয়ার হামলা সম্পর্কে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সরবরাহে কখনো কখনো বাধা দিচ্ছে ওয়াশিংটন। একই সময়ে ইউক্রেনের সামরিক যোগাযোগব্যবস্থাও দুর্বল হয়ে পড়ছে।
নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতির দুই বছরেরও বেশি সময় পর নতুন করে ত্রিপক্ষীয় আলোচনা শুরুর উদ্যোগ সামনে এল।
ক্রেমলিন জানিয়েছে, প্রস্তাবিত শান্তি আলোচনা কারিগরি পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বৈঠক আয়োজনের সম্ভাবনা রয়েছে। আলোচনায় যুদ্ধের অবসানের পর ইউক্রেন ও রাশিয়ার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা গুরুত্ব পেতে পারে। আগামী ১০ নভেম্বর অথবা এর পর যেকোনো সময় আলোচনা শুরু হতে পারে।
এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সর্বশেষ শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
তবে আগের দিন নরওয়ের রাজধানী অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের নেতাদের পাশাপাশি ইউরোপীয় ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে উইটকফের বৈঠকের ফল নিয়ে ক্রেমলিন খুব একটা আশাবাদী নয়।
উইটকফ পুতিনকে জানিয়েছেন, অসলোতে অনুষ্ঠিত আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইউক্রেন সেখানে নতুন কিছু ধারণা ও প্রস্তাব তুলে ধরেছে।
তবে সেন্ট পিটার্সবার্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, আলোচনার কিছু বিষয় রাশিয়াকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।
সম্ভাব্য শান্তিচুক্তির শর্ত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের অবস্থানের মধ্যে এখনো বড় ধরনের ব্যবধান রয়েছে। তবে সম্প্রতি ট্রাম্প ইউক্রেনের ওপর একটি চুক্তিতে পৌঁছানোর চাপ বাড়িয়েছেন।
মঙ্গলবার ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার সময় এসেছে। তা না হলে দেশটিকে ‘খুব খারাপ পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সময়ের আলো/এসএকে