প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:৩২ পিএম
ছবি : সংগৃহীত সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ ঘটনাকে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।
শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। একজন জনপ্রিয় সংগীতশিল্পীর গাড়ি লক্ষ্য করে এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ড নাগরিকদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, গুলিবর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
সময়ের আলো/জেডি