প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:৫২ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৫:৫৫ পিএম
মুফতি ইসমাইল ইবনে মুসা মেন্ক। ছবি : সংগৃহীত ইসলামে শারীরিক সুস্থতা ও সক্ষমতার গুরুত্ব তুলে ধরে পুরুষদের পাশাপাশি নারীদেরও নিয়মিত ব্যায়াম করার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও দাঈ মুফতি ইসমাইল ইবনে মুসা মেন্ক। তার মতে, শারীরিকভাবে ফিট থাকা মানসিক বিকাশ ও অন্তরের প্রশান্তিতে ভূমিকা রাখে। নারীদের জন্য বিশেষায়িত ও পর্দা বজায় রাখা যায়- এমন জিমে শরীরচর্চারও উৎসাহ দিয়েছেন তিনি।
মুফতি ইসমাইল ইবনে মুসা মেন্ক বলেন, ‘শারীরিক সুস্থতা বা ফিটনেস আপনার মানসিক বিকাশ ও অন্তরের প্রশান্তিতে বড় ভূমিকা পালন করে। যখন আপনি শারীরিকভাবে ফিট থাকেন, তখন নিজের সম্পর্কে আপনার অনুভূতি সুন্দর হয়, আপনার চিন্তাভাবনা ভালো ও তীক্ষ্ণ হয়, কারণ আপনি শারীরিকভাবে সুস্থ ও সতেজ। হাদিসে এসেছে, একজন শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে দুর্বল মুমিনের চেয়ে অধিক প্রিয়। আর এখানে প্রাবল্য বা শক্তির বিষয়টি দুই ধরনের শক্তিকেই নির্দেশ করে : আপনার ইমানের শক্তি এবং আপনার শারীরিক শক্তি। যিনি শারীরিকভাবে সুস্থ, দৃঢ় ও ফিট- এমন শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় ও পছন্দনীয় সেই ব্যক্তির চেয়ে, যে দুর্বল ও ভীতু; ইমানের দিক থেকেও দুর্বল এবং শারীরিকভাবেও দুর্বল।’
তিনি বলেন, ‘তাই আমি ভাইদের পাশাপাশি আমার প্রিয় বোনদেরও অনুরোধ করব, আপনারা নিজেদের শারীরিকভাবে শক্তিশালী ও ফিট করে তুলুন। আমি এমন বহু বোনকে দেখেছি, যাদের প্রতিদিন অন্তত ৪৫ মিনিট ঘাম ঝরানো উচিত। তাদের আমি নিয়মিত ওয়ার্কআউট বা ব্যায়ামের রুটিনে অভ্যস্ত হওয়ার উৎসাহ দিয়েছি। শুরুতে এটি কিছুটা কঠিন ছিল- নারীদের জন্য বিশেষায়িত ও পর্দা রক্ষা করা যায় এমন জিম খুঁজে বের করে কাজ শুরু করা বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু যখন তারা নিয়মিত ব্যায়াম শুরু করলেন, তখন তাদের প্রত্যেকেই আমাকে অত্যন্ত চমৎকার ফিডব্যাক দিয়েছেন এবং জানিয়েছেন যে এই অভ্যাস তাদের জীবন বদলে দিয়েছে।’
উল্লেখ্য, মুফতি ইসমাইল ইবনে মুসা মেন্ক মুফতি মেন্ক নামেই বেশি পরিচিত। তিনি একজন মুসলিম শিক্ষাবিদ, ইসলাম প্রচারক ও বক্তা। তিনি বর্তমানে জিম্বাবুয়ের প্রধান মুফতি। ২০১৩, ২০১৪ এবং ২০১৭ সালে জর্ডানের রয়্যাল আল আল-বাইত ইনস্টিটিউট ফর ইসলামিক থট তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলমানের অন্যতম হিসাবে ঘোষণা করে।
সূত্র : মুফতি মেন্কের অফিসিয়াল ইউটিউব চ্যানেল
সময়ের আলো/মহু