যুক্তরাজ্যে শক্তিশালী ঝড় বোয়েলোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংগৃহীত ছবিযুক্তরাজ্যে শক্তিশালী ঝড় বোয়েলোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের কারণে ইতোমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রোববার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।
নিহতদের একজন ৬০ বছর বয়সী স্কটিশ নাগরিক। স্কটল্যান্ডের ডামফ্রিস জেলার ক্যাসল ডগলাসের কাছে একটি গাছ উপড়ে তাঁর ওপর পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, উত্তর লন্ডনে ২০ বছর বয়সী এক তরুণের গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে তিনি প্রাণ হারান।
এ ধরনের দুর্ঘটনায় আহত আরও দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঝড়টির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু এলাকা এবং উত্তর ইংল্যান্ডে। সপ্তাহজুড়ে চলা এই ঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিলোমিটারে পৌঁছায়। এতে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়া, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্নসহ নানা ধরনের দুর্ভোগ দেখা দেয়।
যুক্তরাজ্যের জ্বালানি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশজুড়ে প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন।
এদিকে, শনিবার ও রোববারের ভারী বৃষ্টিপাতে স্কটল্যান্ডের কয়েকটি এলাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা ওই অঞ্চলের গড় বার্ষিক বৃষ্টিপাতের প্রায় এক-তৃতীয়াংশের সমান।
আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিস জানিয়েছে, সপ্তাহের শুরুর দিকে আবহাওয়া অস্থিতিশীল থাকতে পারে। সোমবার পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও মঙ্গলবার নতুন একটি আবহাওয়াব্যবস্থার প্রভাবে আবারও ভারী বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যেতে পারে।
প্রবল বাতাসের আশঙ্কায় উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর-পূর্ব আয়ারল্যান্ডের কিছু এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকার কথা।
বন্যার আশঙ্কা, বিপর্যস্ত পরিবহনব্যবস্থা
ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে বন্যার ঝুঁকি বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিক সতর্কতা জারি করেছে।
ইংল্যান্ডের পরিবেশ সংস্থা ১০টি এলাকায় বন্যার সতর্কতা এবং ৬৫টি এলাকায় বন্যার পূর্বসতর্কবার্তা দিয়েছে। স্কটল্যান্ডের পরিবেশ সুরক্ষা সংস্থা ১০টি এলাকায় বন্যার সতর্কতা ও ১১টি এলাকায় পূর্বসতর্কবার্তা জারি করেছে। অন্যদিকে, ওয়েলসের পরিবেশবিষয়ক সংস্থা ন্যাচারাল রিসোর্সেস ওয়েলস রাজ্যটির নয়টি এলাকায় বন্যার পূর্বসতর্কবার্তা দিয়েছে।
ঝড়ের কারণে পরিবহনব্যবস্থাতেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। বিশেষ করে স্কটল্যান্ডের রেল যোগাযোগে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দরে কয়েকটি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করা হয়েছে, আবার কিছু ফ্লাইট বাতিলও করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়া, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং রাস্তার ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার কারণে স্কটল্যান্ডের বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ রাখতে হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
সময়ের আলো/ইউএমএইচ