৩৬ দিনের অচলাবস্থা কাটল চুয়েটে, ক্লাস শুরু এক বিভাগে

চট্টগ্রাম ব্যুরো

শিক্ষা

দীর্ঘ ৩৬ দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সীমিত পরিসরে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর)

2026-10-28T18:07:22+00:00
2026-10-28T18:07:22+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
৩৬ দিনের অচলাবস্থা কাটল চুয়েটে, ক্লাস শুরু এক বিভাগে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:০৭ পিএম 
ক্লাশ চলছে চুয়েটে। ছবি : সময়ের আলো
দীর্ঘ ৩৬ দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সীমিত পরিসরে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের বাকি ১১টি বিভাগে কোনো ক্লাস হয়নি। এসব বিভাগে কবে ক্লাস শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়।

শিক্ষার্থীরা জানান, বুধবার নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের কয়েকটি বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে পাঠদান। তবে দীর্ঘদিন পর ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।

বিভাগের শিক্ষার্থীরা জানান, অচলাবস্থার পর প্রথম দিনের ক্লাসে উপস্থিতি আশানুরূপ ছিল না। এদিন ল্যাব ক্লাস হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় তা স্থগিত করা হয়েছে।


এদিকে, এক বিভাগে ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা কাটেনি। প্রত্যাহার করা উপাচার্য আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ দাবিতে আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত ছয় সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। তবে এসব বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা জানা যায়নি।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটে নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। নতুন উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যায়।

দীর্ঘ অচলাবস্থার পর বুধবার একটি বিভাগে ক্লাস শুরুর মধ্য দিয়ে সীমিত পরিসরে অ্যাকাডেমিক কার্যক্রম ফিরলেও তা কতটা নিয়মিতভাবে চলবে, সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   চুয়েটে  ক্লাস শুরু  বিভাগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: