প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ পিএম আপডেট: ৩০.১০.২০২৬ ১২:৩৪ পিএম
জাপানের শ্রমবাজারে বছরে এক লাখ কর্মী পাঠানোর খবরকে ভিত্তিহীন বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।ছবি : সংগৃহীত বাংলাদেশ থেকে প্রতিবছর এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে কোনো সম্মতি দেয়নি জাপান সরকার। দুই দেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকেও এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে টোকিও। ফলে জাপানের শ্রমবাজারে বছরে এক লাখ কর্মী পাঠানোর খবরকে ভিত্তিহীন বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর এক লাখ কর্মী নেওয়ার খবর সঠিক নয়। গত ২৭ অক্টোবর দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ সংক্রান্ত তথ্যের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বৈঠকের আনুষ্ঠানিক বিবরণ দেখার পরামর্শ দেন তিনি।
এর আগে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাপানে বছরে এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনার খবর প্রকাশিত হয়। এতে কারিগরি প্রশিক্ষণার্থী ও বিভিন্ন খাতের দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বৈঠকের বিবরণেও এক লাখ কর্মী নেওয়ার কোনো উল্লেখ নেই। সেখানে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তা নিয়ে আলোচনার তথ্য রয়েছে।
বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানের বেসরকারি খাতের মাধ্যমে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনার কথা জানান। এর মাধ্যমে বাংলাদেশে প্রায় দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বর্তমানে বাংলাদেশ থেকে জাপানে কর্মী যাওয়ার সুযোগ রয়েছে এসএসডব্লিউ ও টেকনিক্যাল ইন্টার্ন কর্মসূচির আওতায়। তবে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে কোনো চুক্তি হয়নি।
সময়ের আলো/এমকে