আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জাপানের

2026-10-30T21:39:05+00:00
2026-10-30T21:39:05+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
জাতীয়
আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৩৯ পিএম 
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা। ছবি : সংগৃহীত
বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা। শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জাপানের সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসিও উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক এবং দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক ক্রমাগত সম্প্রসারিত হওয়ার বিষয়টিও তুলে ধরেন তারা।

আলোচনায় বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) বাইরে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করা এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

এ সময় বাংলাদেশের রফতানি বহুমুখীকরণ এবং দেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর জন্য দেশটির অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য, জাপান বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। বর্তমানে দেশটির অর্থায়নে বাংলাদেশে ৮০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট, যমুনা রেলসেতু ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প রয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আমির খসরুর  জাপান  অর্থমন্ত্রী  দ্বিপাক্ষিক বৈঠক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: