সংগৃহীত ছবিগাজায় ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনি জনগণের ওপর হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘট পালন করেছেন বন্দর ও জাহাজঘাটের শ্রমিকেরা। শুক্রবার পাঁচ মহাদেশের ২২টি দেশ ও অঞ্চলের অন্তত ১১০টি বন্দরে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় ২৫টির বেশি শ্রমিক ইউনিয়ন।
‘যুদ্ধের জন্য কাজ করবে না বন্দর শ্রমিকরা’—এই স্লোগানে আয়োজিত কর্মসূচির মূল দাবি, ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা অবিলম্বে বন্ধ করা এবং সব সাম্রাজ্যবাদী যুদ্ধের অবসান ঘটানো। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আয়োজকদের মতে, অস্ত্র পরিবহন ও সামরিক সরবরাহব্যবস্থায় বন্দর শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে তাদের কর্মবিরতিতে ইসরায়েলসহ বিভিন্ন দেশে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।
গ্রিসের এথেন্সের পিরেয়াস বন্দরের শ্রমিক ইউনিয়ন এনইডিইপির নেতা মার্কোস বেকরিস বলেন, অস্ত্র গন্তব্যে পৌঁছাতে পরিবহন, অবকাঠামো ও শ্রমিকদের প্রয়োজন হয়। শ্রমিকদের শক্তির জায়গা সেখানেই। গাজা থেকে ২০১৫ সালে চলে যাওয়া এবং বর্তমানে জার্মানির হামবুর্গে বসবাসরত বন্দর শ্রমিক মোহাম্মদ আল-আত্তার বলেন, শ্রমিকেরাই প্রকৃত শক্তি। মাত্র দুই দিন কাজ বন্ধ রাখতে পারলে হাজারো মানুষের জীবন বাঁচানো সম্ভব বলে মনে করেন তিনি।
২০২৫ সালের শুরুর দিকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের বন্দর শ্রমিক ইউনিয়ন অস্ত্র পরিবহন বন্ধ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে একত্র হয়। শুরুতে পাঁচটি দেশের ২০টি বন্দরের পাঁচটি ইউনিয়ন এ উদ্যোগে যুক্ত ছিল। পরে গ্রিসের এথেন্স, ইতালির জেনোয়া ও তুরস্কের ইস্তানবুলে ধারাবাহিক বৈঠকের মধ্য দিয়ে আন্দোলন বিস্তৃত হয়। চলতি বছরের মে মাসে ইস্তানবুল ঘোষণার মাধ্যমে ৩০ অক্টোবরকে আন্তর্জাতিক কর্মসূচির দিন হিসেবে ঘোষণা করা হয়।
আয়োজকদের হিসাব অনুযায়ী, ফ্রান্স, ইতালি, ভারত, গ্রিস ও তুরস্কে ২৪ ঘণ্টার ধর্মঘট পালিত হচ্ছে। মরক্কো ও সাইপ্রাসসহ কয়েকটি দেশে দুই ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। ইতালির শ্রমিক ইউনিয়ন ইউএসবি দেশজুড়ে সাধারণ ধর্মঘটেরও ডাক দিয়েছে।
অস্ত্র সরবরাহের গতিপথ নিয়ে কাজ করা সংগঠন নো হারবার ফর জেনোসাইডের (এনএইচজি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের জন্য পাঠানো বিভিন্ন যন্ত্রাংশের ৩১৫টি চালান শনাক্ত করা হয়েছে। এসব চালান ২৯টি দেশের ৫৬টি বাণিজ্যিক বন্দর দিয়ে পরিবহন করা হয়েছে। ওই ৫৬টি বন্দরের সব কটিই শুক্রবারের ধর্মঘটে অংশ নিচ্ছে।
সংগঠনটির দাবি, ধর্মঘটের দিন দুই বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্যবাহী চালান আটকে থাকতে পারে। বিশ্বজুড়ে ধর্মঘটে অংশ নেওয়া বন্দরগুলো আন্তর্জাতিক পণ্য পরিবহনের প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ পরিচালনা করে। এ কর্মসূচিতে ভূমধ্যসাগরীয় অঞ্চলের বন্দরগুলোর অংশগ্রহণও উল্লেখযোগ্য।
এদিকে ধর্মঘটে অংশ নেওয়া গ্রিসের শ্রমিক নেতা বেকরিসের বিরুদ্ধে আগেও মামলা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলগামী ২১ টন গোলাবারুদবাহী একটি কনটেইনারের চালান আটকে দেওয়ার প্রতিবাদে তার বিরুদ্ধে এ মামলা করা হয়।
বেকরিস বলেন, অন্য মানুষের বিরুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র বোঝাই করতে অস্বীকৃতি জানানোর দীর্ঘ ঐতিহ্য রয়েছে শ্রমিক আন্দোলনে। প্রতিদিন তাঁদের হাত ঘাম ও গ্রিজে মাখামাখি হয়; অন্য মানুষের রক্তে সেই হাত রাঙাতে চান না তারা।
সময়ের আলো/ইউএমএইচ