সংগৃহীত ছবিইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের পর সরকার গঠনের কোনো পথ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামনে খোলা নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। শুক্রবার তিনি এ কথা বলেন। এদিকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শিবিরগুলো সরকার গঠনের জন্য জোট আলোচনায় তৎপরতা বাড়িয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান বৃহস্পতিবার সন্ধ্যায় জানায়, ভোট গণনা শেষ হয়েছে। ১২০ সদস্যের নেসেটে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন, বিরোধীদের চেঞ্জ জোট পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো জোটই পায়নি। যাচাই-বাছাই শেষে আগামী ৪ নভেম্বর চূড়ান্ত ফল ঘোষণার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহুর জোটের ৫৩ আসনের কথা উল্লেখ করে লাপিদ লেখেন, ‘এটুকুই তার সম্বল। যা-ই করুন না কেন, সরকার গঠনের কোনো পথ তার নেই।’ তিনি জানান, বিদায়ী নেসেটে প্রধানমন্ত্রীর জোটের আসন ছিল ৬৮টি। এবারের ফলকে বড় ধাক্কা হিসেবে বর্ণনা করেন তিনি।
লাপিদ আরও বলেন, ভোটার উপস্থিতি ছিল ৭৭ দশমিক ৭ শতাংশ, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। বিরোধীদের ফলকে তিনি নকআউট নয়, বরং পয়েন্টে জয় হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, ‘এখন আসল কঠিন অংশ শুরু, সরকার গঠনের চেষ্টা।’ নির্বাচনি প্রচার ও জোট আলোচনার পার্থক্য তুলে ধরে লাপিদ বলেন, সরকার গঠনের আলোচনা হয় ছোট ছোট কক্ষে, ধীরে ধীরে এবং ক্যামেরার আড়ালে। এটি নির্বাচনি প্রচারের ঠিক উল্টো। তার ভাষায়, কাজটি কঠিন হবে এবং এ বিষয়ে তাঁর কোনো নিশ্চয়তা নেই। সমর্থকদের ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার চরম ডানপন্থি জিউইশ পাওয়ার পার্টির নেতা ইতামার বেন-গিভির নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ডানপন্থি সরকার টিকিয়ে রাখার উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। জিউইশ পাওয়ার পার্টি জানায়, আরব দলগুলোর সমর্থনপুষ্ট বামপন্থি সরকার গঠন ঠেকানোর বিষয়ে তাঁরা দীর্ঘ আলোচনা করেছেন।
অন্যদিকে, ডেমোক্রেটস পার্টির নেতা ইয়ার গোলান আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে চেঞ্জ জোটের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিকল্প সরকার গঠনের উদ্যোগ এগিয়ে নিতে বৃহস্পতিবার ইউনাইটেড আরব লিস্টের (রাম) নেতা মানসুর আব্বাসের সঙ্গে বৈঠক করেন গোলান। ভবিষ্যৎ জোটে রামকে অন্তর্ভুক্ত করার পক্ষে তিনি আগেও অবস্থান নিয়েছেন।
তবে ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের বিরোধী। চেঞ্জ জোট ও আরব দলগুলোর আসন মিলিয়ে সংখ্যা দাঁড়ায় ৬৭, যা সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট। তবে আরব দলগুলো আনুষ্ঠানিকভাবে চেঞ্জ জোটের অংশ নয়। তাদের সঙ্গে সহযোগিতার প্রশ্নে বিরোধী নেতাদের মতপার্থক্য থাকায় নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনের পথ এখনো বাধাগ্রস্ত হচ্ছে।
সময়ের আলো/ইউএমএইচ