৬৩০ কোটি ডলার চুরি হ্যাকারদের

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে হ্যাকাররা। বিশ্লেষকদের মতে, ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এটি সবচেয়ে বড়

2026-10-31T00:39:02+00:00
2026-10-31T00:39:02+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
৬৩০ কোটি ডলার চুরি হ্যাকারদের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ এএম 
ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে হ্যাকাররা। ছবি : সংগৃহীত
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে হ্যাকাররা। বিশ্লেষকদের মতে, ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এটি সবচেয়ে বড় হ্যাকের ঘটনা। এ ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে ডিজিটাল সম্পদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। 

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস ও চেইন্যালাইসিসের দাবি অনুযায়ী, এ হামলার পেছনে উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত। টিআরএম ল্যাবস জানিয়েছে, ১০টি ব্লকচেইনে থাকা বাইন্যান্সের বিভিন্ন ওয়ালেট লক্ষ করে হামলা চালানো হয়। মাত্র ২০ মিনিটের মধ্যে চুরি হওয়া অর্থের বেশিরভাগ সরিয়ে নেয় হামলাকারীরা। এ ঘটনায় সব লেনদেন স্থগিত রাখা হয়েছে।

বাইন্যান্স জানিয়েছে, বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় চুরি হওয়া সম্পদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি ডলার জব্দ করা সম্ভব হয়েছে। বাকি ৩৩০ কোটি ডলারের বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। তবে বাইন্যান্সের সহপ্রতিষ্ঠাতা ই হে বলেছেন, হ্যাকিংয়ের কারণে হওয়া সব ক্ষতির দায় নেবে এক্সচেঞ্জটি। 

বাইন্যান্স আরও জানিয়েছে, গ্রাহকদের জমা রাখা অর্থ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবারও অর্থ উত্তোলনের সেবা চালু করার আশা করছে প্রতিষ্ঠানটি। টিআরএম ল্যাবস বলছে, হামলার ধরন ও কৌশলের সঙ্গে উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট আগের কয়েকটি সাইবার হামলার মিল রয়েছে।

এর মধ্যে ২০২৫ সালে ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিটে চালানো হামলার কথাও রয়েছে। ওই হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এক বিবৃতিতে টিআরএম ল্যাবস বলেছে, উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার বিষয়ে তাদের মূল্যায়ন উচ্চ মাত্রায় নিশ্চিত। তবে এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে জেনেভায় উত্তর কোরিয়ার মিশন ও চীনে দেশটির দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

এ ঘটনার পর শুক্রবার এশিয়ার বাজারে ক্রিপ্টোকারেন্সির দামে বড় ধরনের পতন দেখা যায়। বিটকয়েনের দাম ৩ শতাংশের বেশি কমে ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৭৬ হাজার ৩৬৮ ডলারে নেমে আসে। ইথারের দামও ৩ শতাংশের বেশি কমে দুই মাসের মধ্যে সর্বনিম্ন ২ হাজার ১৭৮ ডলারে দাঁড়ায়। বাইন্যান্সের নিজস্ব ক্রিপ্টো টোকেন বিএনবির দামও গত ২৪ ঘণ্টায় ৫ শতাংশ কমে ৭০৯ ডলার ৭০ সেন্টে নেমে আসে। 

ক্রিপ্টো বাজারের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কয়েনগেকোর হিসাবে এসব তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেসের শেয়ারের দাম ৪ দশমিক ৮ শতাংশ কমে যায়। বিটকয়েনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান স্ট্র‍্যাটেজির শেয়ারের দামও প্রায় ৬ শতাংশ কমে।

বাইন্যান্সের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটির একজন প্রকৌশলীর হ্যাক হওয়া ল্যাপটপের মাধ্যমে এ হামলার সূত্রপাত হতে পারে। ওই ল্যাপটপ ব্যবহার করে হামলাকারীরা বাইন্যান্সের একটি সিস্টেমে প্রবেশের সুযোগ পায় এবং অনুমতি ছাড়া অর্থ সরিয়ে নেয়। বাইন্যান্স জানিয়েছে, ঘটনার পেছনে একাধিক কারণ থাকতে পারে। হ্যাক হওয়া কম্পিউটারটি কীভাবে হামলার প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়েছে, তা খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটির নিরাপত্তা দল। 

হংকংভিত্তিক হ্যাশকি গ্রুপের জ্যেষ্ঠ গবেষক টিম সান বলেন, এ ঘটনা বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ আরও কমিয়ে দিতে পারে। একইসঙ্গে কেন্দ্রীয়ভাবে পরিচালিত এক্সচেঞ্জে রাখা সম্পদের নিরাপত্তা, প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা এবং তারল্য নিয়ে নতুন করে ভাবতে পারেন বিনিয়োগকারীরা।

বিশ্বজুড়ে বাইন্যান্সের নিবন্ধিত ব্যবহারকারী ৩৩ কোটি ৫০ লাখ। প্রতিষ্ঠানটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, তাদের হেফাজতে থাকা সম্পদের পরিমাণ ছিল প্রায় ১৬ হাজার ২৮০ কোটি ডলার। বাইন্যান্সের গ্রাহকদের সম্পদ সুরক্ষায় একটি বিশেষ তহবিল রয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, বিটকয়েনে রাখা এ তহবিল নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় গ্রাহকদের সম্পদ সুরক্ষায় ব্যবহারের জন্য গঠন করা হয়েছে।

এদিকে, স্টেবলকয়েন ইস্যুকারী প্রতিষ্ঠান টেথার জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৫৭ কোটি ডলারের সম্পদ তারা জব্দ করেছে। আরেক প্রতিষ্ঠান সার্কেল জব্দ করেছে ৮০ কোটি ডলারের বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যানশিয়াল জানিয়েছে, চুরি হওয়া অর্থ জব্দ করতে তারা ক্রিপ্টো সম্পদ সংরক্ষণকারী প্রতিষ্ঠান বিটগোর সঙ্গে কাজ করেছে।

বাইন্যান্সের সহপ্রতিষ্ঠাতা ই হে জানিয়েছেন, এ ঘটনায় ২ কোটি ৭০ লাখ ডলারের স্টেবলকয়েন এবং ওয়ার্ল্ড লিবার্টির প্রায় ২০ লাখ ডলারের টোকেন জব্দ করা হয়েছে। ক্রিপ্টো প্রতিষ্ঠান রিপলও প্রায় ২০ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে বলে জানিয়েছেন ই হে। 

রিপলের স্টেবলকয়েন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জ্যাক ম্যাকডোনাল্ড বলেছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত সম্পদ জব্দে কাজ করছেন। রয়টার্সকে ক্রিপ্টো বিশ্লেষক প্রতিষ্ঠান আর্কহ্যামের প্রধান নির্বাহী মিগুয়েল মোরেল বলেন, তাদের তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, অজ্ঞাত কোনো পক্ষ বাইন্যান্স থেকে কয়েকশ কোটি ডলারের সম্পদ চুরি করেছে।

ক্রিপ্টো খাতে ধারাবাহিক চুরির ঘটনার মধ্যে সর্বশেষ এ হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। টিআরএম ল্যাবসের গবেষকদের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ১৫০টি পৃথক হামলায় ২৯০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছিল। গত সেপ্টেম্বরে ক্রিপ্টো এক্সচেঞ্জ বিটগেটও জানিয়েছিল, তাদের প্ল্যাটফর্ম থেকে প্রায় ৩৫ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে।

সময়ের আলো/ প্রিন্ট/কেএইচও
  বিষয়:   ডলার চুরি  হ্যাকার  ক্রিপ্টোকারেন্সি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: