প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:২৫ পিএম
ছবি : সংগৃহীতচলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায়। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা পরদিন রোববার (১ নভেম্বর) থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ আবেদন চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনঃনিরীক্ষণের জন্য কোনো ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করতে হবে। সেখানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তালিকা থেকে নিজ নিজ বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
পরবর্তী ধাপে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পাবেন। সেখান থেকে এক বা একাধিক বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। পুনঃনিরীক্ষণের জন্য প্রতি বিষয়ের প্রতিটি পত্রে ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। দুই পত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে এ ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত প্রক্রিয়া জানতে ওয়েবসাইটের ‘হেল্প’ বাটনে ক্লিক করার পরামর্শ দিয়েছে শিক্ষাবোর্ড। ফি পরিশোধের পর পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।
শিক্ষাবোর্ড আরও জানিয়েছে, ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে ফি দেওয়ার আগে নির্বাচিত বিষয়ে ভুল থাকলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে তা সংশোধন বা বাতিল করা যাবে। একবার ফি জমা হয়ে গেলে আবেদন করা বিষয় পরিবর্তন বা বাতিলের সুযোগ থাকবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।
উল্লেখ্য, শনিবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফল জানতে পারবেন।
সময়ের আলো/এসএকে