শাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

টেকসই স্থাপত্য, পরিবেশবান্ধব আবাসন ও নির্মাণপ্রযুক্তি নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হচ্ছে দুই দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক সবুজ

2026-10-30T09:23:36+00:00
2026-10-30T09:23:36+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিক্ষা
শাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৩ এএম 
শাবি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন। ছবি : সময়ের আলো
টেকসই স্থাপত্য, পরিবেশবান্ধব আবাসন ও নির্মাণপ্রযুক্তি নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হচ্ছে দুই দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক সবুজ স্থাপত্য সম্মেলন। আগামী ৫ ও ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে শাবি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান।

তিনি জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের গ্রিন আর্কিটেকচার সেল এবং শাবিপ্রবির স্থাপত্য বিভাগ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। টেকসই স্থাপত্য ও আবাসন উন্নয়নে উদ্ভাবনী ধারণার বিকাশ, গবেষণা বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সম্মেলনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মো. আশিকুর রহমান জোয়ারদার। কো-চেয়ার থাকবেন শাবিপ্রবির স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড সিটিজের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের পরিচালক অধ্যাপক ড. জুলিও ভারদিনি। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক ও ২০২২ সালের আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার বিজয়ী স্থপতি খন্দকার হাসিবুল কবিরও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

সম্মেলনের অংশ হিসেবে ‘টেকসই আবাসন উন্নয়নে বৈশ্বিক সমন্বয়’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত হবে। এতে টেকসই নির্মাণপ্রযুক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মানচিত্রায়ন, জলবায়ু-সহনশীল বসতি, নগরায়ণ এবং নির্মিত পরিবেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি গবেষণাপত্র উপস্থাপন করবেন অংশগ্রহণকারী গবেষকেরা।


অধ্যাপক ইফতেখার রহমান জানান, সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন ও গবেষণা সেমিনার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। কারিগরি অধিবেশনগুলো হবে শিক্ষা ভবন ‘ই’-এর চতুর্থ তলায় স্থাপত্য বিভাগের সেমিনার কক্ষে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম। এ ছাড়া অতিথি হিসেবে থাকবেন অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা মেহের সুলতানা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলাম।

সম্মেলনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ই-বিল্ডিং প্রাঙ্গণে স্থাপত্য প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নকশা ও স্থাপত্যকর্ম প্রদর্শিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং টেকসই স্থাপত্যবিষয়ক ধারণা তুলে ধরার সুযোগ পাবেন।

সম্মেলনের প্লাটিনাম স্পনসর হিসেবে রয়েছে মিরপুর সিরামিকস ও খাদিম সিরামিকস। গোল্ড স্পনসর লাফার্জহোলসিম বাংলাদেশ ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড। এ ছাড়া সিলভার স্পনসর হিসেবে রয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, আর্চজিন ও ভলিউমেট্রিক ডিজাইনার্স।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. শামসুল আরেফিন, সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আরিফুর রহমান, সহকারী অধ্যাপক অভিজিৎ মজুমদার, সহকারী অধ্যাপক তানভীর হাসান এবং প্রভাষক ফেরদৌস রহমান প্রমুখ।

সময়ের আলো/জোই
  বিষয়:   শাবিপ্রবি  আন্তর্জাতিক স্থাপত্য  সম্মেলন  টেকসই স্থাপত্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: