১৬ শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী ৯, পাস মাত্র ১ জন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। ১৬ জন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও চলতি

2026-10-31T19:37:22+00:00
2026-10-31T19:37:22+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
১৬ শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী ৯, পাস মাত্র ১ জন
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:৩৭ পিএম 
মোছলেহ উদ্দিন ভূইয়া কলেজে। ছবি : সংগৃহীত
নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। ১৬ জন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও চলতি বছর কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র একজন। এতে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ১১ শতাংশ। এর আগের বছর পাঁচজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।

এমন ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের বেগমাবাদ-তালুককান্দি এলাকায় অবস্থিত মোছলেহ উদ্দিন ভূইয়া কলেজে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কলেজটির এমন ফলাফলের তথ্য জানা যায়।

জানা গেছে, ২০১৪ সালে বীর মুক্তিযোদ্ধা মোছলেহ উদ্দিন ভূইয়া নিজ নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। বর্তমানে কলেজটিতে ১৬ জন শিক্ষক কর্মরত রয়েছেন। তবে শিক্ষকসংখ্যার তুলনায় শিক্ষার্থীদের ফলাফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি বছর কলেজটি থেকে ৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র একজন। অন্যদিকে, গত বছর পাঁচজন পরীক্ষার্থী অংশ নিয়েও কেউ উত্তীর্ণ হতে পারেনি।

স্থানীয়দের অভিযোগ, কলেজটিতে পড়াশোনার পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিয়েও রয়েছে প্রশ্ন। অভিযোগ রয়েছে, শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটক ব্যবহারে বেশি সময় ব্যয় করছে। ফলে শিক্ষার পরিবেশ ও ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিটন মিয়া বলেন, এ বছর আমাদের প্রতিষ্ঠান থেকে ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে মাত্র একজন পাস করেছে। ভর্তি হওয়ার পর অনেক শিক্ষার্থী বিদেশ চলে যায়। আর যারা থাকে, তাদের অনেকেই নিয়মিত ক্লাসে আসত না। যারা পরীক্ষায় অংশ নিতে চায়, তাদের ফরম পূরণ করিয়ে কোচিংয়ের ব্যবস্থা করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। আমাদের ধারণা ছিল, ৯ জনের মধ্যে ৯ জনই পাস করবে। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল, মাত্র একজন পাস করেছে।

তিনি আরও জানান, গত বছর জীববিজ্ঞান বিষয়ে অকৃতকার্য একজন শিক্ষার্থী এ বছর আবারও পরীক্ষায় অংশ নিয়েও পাস করতে পারেনি। তবে পাস করা শিক্ষার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, কলেজের ফলাফল শিক্ষা বোর্ড প্রকাশ করে। কোন কলেজ কেমন ফলাফল করছে, সে বিষয়ে বোর্ড অবগত থাকে। স্থানীয় প্রশাসন হিসেবে আমরা ফলাফলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কলেজটির কার্যক্রম চলবে কি না, সে বিষয়ে বোর্ড সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবে।

শিক্ষক রয়েছেন ১৬ জন, অথচ পরীক্ষার্থী মাত্র ৯ জন এবং পাস করেছে একজন এমন ফলাফল স্বাভাবিকভাবেই কলেজটির পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সামগ্রিক শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সময়ের আলো/আতা
  বিষয়:   নরসিংদী  রায়পুরা  কলেজ  এইচএসসি  পরীক্ষা  ফলাফল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: