প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:৩২ পিএম
কুমিল্লা শিক্ষাবোর্ড। ছবি : সময়ের আলোকুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার যথাক্রমে ৪১ দশমিক ৪৫ ও ৪০ দশমিক ৭৩ শতাংশ। সামগ্রিক ফলাফলে বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে মোট ২৮ হাজার ৪১৮ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৭ হাজার ৮৪৬ জন। উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ৭৭৪ জন। সে হিসাবে এ বিভাগে পাসের হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ।
অন্যদিকে মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেয় ৪১ হাজার ৯৭২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ৩৯৮ জন। এ বিভাগে পাসের হার ৪১ দশমিক ৪৫ শতাংশ। আর ব্যবসায় শিক্ষা বিভাগে ২৩ হাজার ১০০ জন শিক্ষার্থী নিবন্ধিত থাকলেও পরীক্ষায় অংশ নেয় ২২ হাজার ৩৪৪ জন। এ বিভাগে পাস করেছে ৯ হাজার ১০০ জন। পাসের হার ৪০ দশমিক ৭৩ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানবিক বিভাগের চেয়ে ২২ দশমিক ৩৮ শতাংশীয় পয়েন্ট এবং ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ে ২৩ দশমিক ১০ শতাংশীয় পয়েন্ট এগিয়ে রয়েছে। তিন বিভাগের মধ্যে সবচেয়ে কম পাসের হার ব্যবসায় শিক্ষা বিভাগে।
এদিকে সার্বিক ফলাফলে এ বছর কুমিল্লা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৬ হাজার ৭২৮ জন ছেলে এবং ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪৪ হাজার ২৭২ জন। এর মধ্যে ছেলে ১৫ হাজার ৮৫৭ জন এবং মেয়ে ২৮ হাজার ৪১৫ জন।
ফলাফল বিশ্লেষণে আরও দেখা যায়, ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ। বিপরীতে মেয়েদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞানের শিক্ষার্থীরা এগিয়ে থাকার পাশাপাশি পাসের হার ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যায়ও ছেলেদের তুলনায় ভালো করেছে মেয়েরা।
সময়ের আলো/আতা