প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম আপডেট: ০১.১১.২০২৬ ৫:৫৩ পিএম
পাইকারি বাজারে বিক্রি করতে না পেরে বাজারেই ঢেলে রেখে যাচ্ছেন ক্ষুব্ধ চাষিরা। ছবি : সময়ের আলো গাইবান্ধার গোবিন্দগঞ্জে কঠোর শ্রম ও ব্যয়ে উৎপাদিত মুলা পাইকারি বাজারে বিক্রি করতে না পেরে বাজারেই ঢেলে রেখে যাচ্ছেন ক্ষুব্ধ চাষিরা।
রোববার (১ নভেম্বর) গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ বাজারে মুলা বিক্রি করতে আসা চাষিদের মাঝে দেখা গেছে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
সরেজমিনে চাষিদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিন আগেও প্রতি মণ মুলা ২শ টাকায় বিক্রি হলেও এখন পাইকারি বাজারে দাম নেই বললেই চলে। বর্তমানে উৎপাদিত মুলা বিক্রি করে লাভ তো দূরের কথা সার-কীটনাশকের দামও উঠেছে না। ফলে চাষিরা ক্ষুব্ধ হয়ে বাজারেই ফেলে যাচ্ছেন কষ্টার্জিত খেতের ফসল মুলা।
গোলাপবাগ পাইকারি বাজারে মূলা বিক্রি করতে আসা চাষি আব্দুল মতিন বলেন, বর্তমানে পাইকারি বাজারে মূলা প্রতি কেজি ১ টাকা থেকে ৪ টাকা এবং পেঁপে প্রতি কেজি ৩ থেকে ৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মজুরের মজুরি, বীজ, সার ও অন্যান্য ব্যয় মিটিয়ে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মো. সবুর নামে অপর এক চাষি অভিযোগ করে বলেন, সবজির দাম বেশি হলে প্রশাসন বাজারে অভিযান চালায়। কিন্তু এখন মুলা ও পেঁপের দাম নেই, এখন তারা চাষিদের জন্য কী করবেন?
এ বছর অনুকূল আবহাওয়ার কারণে শীতকালীন সবজির ভালো ফলন হওয়ায় মূলা ও পেঁপের চাহিদা ক্রেতাদের মাঝে নেই বললেই চলে। স্বাভাবিকভাবেই পাইকারি বাজারে এর বড়ো প্রভাব পড়েছে বলে মত প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল।
সময়ের আলো/এনএন