প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম
জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি : সংগৃহীতশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
সোমবার (২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদালতে আখতারুজ্জামানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির।
এর আগে রোববার একই মামলায় আখতারুজ্জামানকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন বেঞ্চের দেওয়া ওই আদেশ স্থগিত চেয়ে পরে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এর আগে গত ৪ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নাকচ করেন। একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন আখতারুজ্জামান। শুনানি শেষে আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
গত ২ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।
গ্রেফতারের পর মামলার তদন্ত কর্মকর্তা আখতারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সময়ের আলো/কেএইচও