সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সার বিতরণ ও ব্যবস্থাপনায় অনিয়ম, দুর্নীতি কিংবা কৃষক হয়রানির প্রমাণ পাওয়া গেলে ডিলারশিপ বাতিল করা হবে। এ কাজে কোনো কর্মকর্তা

2026-11-02T19:20:32+00:00
2026-11-02T19:20:32+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:২০ পিএম 
ছবি : সংগৃহীত
সার বিতরণ ও ব্যবস্থাপনায় অনিয়ম, দুর্নীতি কিংবা কৃষক হয়রানির প্রমাণ পাওয়া গেলে ডিলারশিপ বাতিল করা হবে। এ কাজে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন রবি মৌসুমে সার সরবরাহ নিয়ে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষি সচিব মো. সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের সব জেলার জেলা প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকেরা অনলাইনে যুক্ত ছিলেন।

মন্ত্রী বলেন, সার বিতরণ ও ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা কৃষক হয়রানির অভিযোগ পাওয়া গেলে নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারের লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি এ ব্যবস্থাপনায় কোনো কর্মকর্তা অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নতুন ডিলারদের লাইসেন্স দেওয়ার পাশাপাশি তাদের ডিলারশিপের আওতাধীন এলাকা নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে জমির পরিমাণ, কৃষকের সংখ্যা ও ফসলের নিবিড়তা বিবেচনায় নিতে হবে। নিয়ম লঙ্ঘনকারী ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করার নির্দেশ দিয়ে কৃষিমন্ত্রী বলেন, প্রতিটি ডিলারের দোকানে মূল্যতালিকা ও মজুতের তথ্য প্রদর্শন করতে হবে। কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দাম আদায়, মজুতদারি এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।

প্রকৃত কৃষকের কাছে ন্যায্যভাবে সার বিতরণ নিশ্চিত করতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের নির্দেশনাও দেন তিনি।

আসন্ন রবি মৌসুমে সারের বরাদ্দ ও সরবরাহ বাড়ানো হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগের বছরের তুলনায় এ বছর চাহিদার চেয়েও বেশি সার সরবরাহ করা হয়েছে। নতুন কোনো ফসলের আবাদ উল্লেখযোগ্যভাবে বাড়েনি। এরপরও চাহিদা বাড়লে তা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। তবে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে সার পাচার রোধে কঠোর নজরদারি রাখতে হবে।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর কিছু এলাকায় নন-ইউরিয়া সারের চাহিদা ও দাম বেশি থাকায় এসব সার পাচারের আশঙ্কা রয়েছে। আবার কোথাও ইউরিয়ার সংকট থাকায় বাংলাদেশ থেকেও ইউরিয়া পাচার হতে পারে। কোনো অবস্থাতেই দেশের সার দেশের বাইরে যেতে দেওয়া যাবে না।


সারে সরকার বিপুল পরিমাণ ভর্তুকি দেয় উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, এ ভর্তুকির সুফল যেন প্রকৃত কৃষকেরা পান, তা নিশ্চিত করতে হবে। একদিকে সারের সংকটের অভিযোগ, অন্যদিকে গুদামে বিপুল পরিমাণ সার মজুত কিংবা পাচারের ঘটনা কৃত্রিম সংকট সৃষ্টির বিষয়টি স্পষ্ট করে। এ ধরনের ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো জেলায় সার নিয়ে অনিয়ম হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের জবাবদিহি করতে হবে।

কৃষকেরা যাতে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় পরিস্থিতি, পরিবেশ ও প্রকৃত চাহিদা বিবেচনায় জেলা প্রশাসক ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সিদ্ধান্ত নিতে হবে। সারের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি কৃত্রিম সংকট ও বাজারে অস্থিরতা সৃষ্টির সুযোগ বন্ধ করতে হবে।

ইউরিয়া সার শিল্পকারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহারের বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন কৃষিমন্ত্রী। বিশেষ করে বস্ত্র ও ডাইং কারখানায় ইউরিয়া ব্যবহারের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এ জন্য জেলা পর্যায়ের সার মনিটরিং কমিটিকে নিয়মিত সভা করে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেন তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সার ব্যবস্থাপনা  অনিয়ম  ডিলারশিপ  কৃষিমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: