প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম
সংগৃহীত ছবিশরীয়তপুরে কল্পনা আক্তার (২৬) নামে এক নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী কালু তালুকদারের বিরুদ্ধে। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত কল্পনাকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
কল্পনা আক্তার শরীয়তপুর পৌরসভার চর পালং এলাকার কাদির তালুকদার ও বিলকিস বেগমের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া গুচ্ছগ্রামের বাসিন্দা কালু তালুকদারের সঙ্গে কল্পনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। প্রায় ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে থাকার জায়গা না থাকায় বিচ্ছেদের পরও সন্তানকে নিয়ে সাবেক স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন কল্পনা।
সম্প্রতি কল্পনাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন কালু। এ নিয়ে তাদের মধ্যে আবারও বিরোধ তৈরি হয়। এর জের ধরে সোমবার রাতে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে কল্পনাকে একা পেয়ে চাপাতি দিয়ে তার ঘাড়, কোমর, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কোপ দেন কালু—এমন অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হন কল্পনা।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর স্থানীয়রা কালু তালুকদারকে আটক করে গণধোলাই দেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কল্পনার বড় বোন নার্গিস বেগম বলেন, প্রায় ছয় মাস আগে তার বোনের সঙ্গে কালু তালুকদারের বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপরও কালু বিভিন্ন সময়ে কল্পনাকে আবার সংসার করার জন্য চাপ দিতেন। কিন্তু কল্পনা রাজি না হওয়ায় তার ওপর ক্ষুব্ধ ছিলেন কালু। সোমবার রাতে কল্পনা হাসপাতালে গেলে তাকে একা পেয়ে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন তিনি। তার বোন এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন নার্গিস।
ঘটনার পর কালু তালুকদারের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। থাকার জায়গা না থাকায় বিবাহবিচ্ছেদের পরও ওই নারী সাবেক স্বামীর বাড়িতে থাকতেন। এ নিয়ে সোমবার হাসপাতালের সামনে তাকে ছুরিকাঘাত করেন কালু তালুকদার। ঘটনার পর তাকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই