প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম
সংগৃহীত ছবিচট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় মাইশা (২১) নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (আইআইইউসি) সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
নিহত মাইশা মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ে আসার পর মহাসড়ক পার হচ্ছিলেন মাইশা। এ সময় দ্রুতগতির একটি যানবাহন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান তিনি। পরে সহপাঠী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীতাকুণ্ডে আইআইইউসির সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সময়ের আলো/জোই