প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:২৫ পিএম
গ্রেফতার মো. রেদুয়ানুল হক। ছবি : সময়ের আলোচট্টগ্রামের লোহাগাড়ায় চুরির ঘটনা ধামাচাপা দিতে আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজানোর অভিযোগে মো. রেদুয়ানুল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ৮ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা মূল্যের ক্যামেরা ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে লোহাগাড়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী।
পুলিশ জানায়, গত ৯ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটে লোহাগাড়ার আমিরাবাদ বাজারের মোস্তফা সিটি মার্কেটের প্রথম তলায় ‘ওয়েডিং ফটোগ্রাফি’ নামের দোকানটি বন্ধ করে প্রয়োজনীয় কাজে বাইরে যান মালিক বাবলু পাল। পরদিন রাত সাড়ে ১২টার দিকে দোকানে ফিরে তিনি দেখতে পান, স্লাইডিং গ্লাসের দরজার তালা খোলা। ভেতরে থাকা মূল্যবান ক্যামেরা ও সরঞ্জামও নেই।
চুরি হওয়া মালামালের মধ্যে ছিল তিনটি সনি α7III ক্যামেরা, একটি সনি α7C ক্যামেরা, বিভিন্ন মডেলের আটটি ক্যামেরার লেন্স, দুটি ক্যামেরার ব্যাটারি ও একটি চার্জার। এসব সরঞ্জামের আনুমানিক মূল্য ৮ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।
এদিকে, গত ১২ অক্টোবর রেশমী আক্তার নামে এক নারী থানায় অভিযোগ করেন, তার স্বামী মো. রেদুয়ানুল হককে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অপহরণ করেছে। চুরি ও অপহরণের অভিযোগ পাওয়ার পর পুলিশ পৃথকভাবে দুটি ঘটনার তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে আমিরাবাদ বাজারের মোস্তফা সিটি মার্কেটের ‘ওয়েডিং ফটোগ্রাফি’ দোকানসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। এতে চুরির ঘটনায় রেদুয়ানুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পাশাপাশি তার অপহরণের অভিযোগের পেছনে অন্য উদ্দেশ্য থাকার বিষয়টিও তদন্তকারীদের নজরে আসে।
এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ২ নভেম্বর লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকার আওয়ার পাড়া থেকে রেদুয়ানুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, নিজ বসতঘর থেকে চুরি যাওয়া সব মালামাল উদ্ধার করা হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী বলেন, পুলিশি জিজ্ঞাসাবাদে রেদুয়ানুল চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। চুরির ঘটনা আড়াল করে তদন্ত ভিন্ন খাতে নিতে নিজেই আত্মগোপনে ছিলেন এবং স্ত্রীকে দিয়ে অপহরণের অভিযোগ করিয়েছিলেন বলেও স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই