রাবি প্রশাসনকে ‘ননসেন্স ও গাম্বাট’ বললেন সালাহউদ্দিন আম্মার

রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মেয়াদ শেষ হওয়ার পর হল সংসদগুলোর মাধ্যমে জিমনেসিয়ামের সরঞ্জাম সরবরাহের কার্যক্রমকে বিধিবহির্ভূত বলেছে বিশ্ববিদ্যালয়

2026-11-04T04:47:45+00:00
2026-11-04T04:47:45+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিক্ষা
রাবি প্রশাসনকে ‘ননসেন্স ও গাম্বাট’ বললেন সালাহউদ্দিন আম্মার
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ এএম 
সালাহউদ্দিন আম্মার। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মেয়াদ শেষ হওয়ার পর হল সংসদগুলোর মাধ্যমে জিমনেসিয়ামের সরঞ্জাম সরবরাহের কার্যক্রমকে বিধিবহির্ভূত বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়ে কর্তৃপক্ষকে ‘ননসেন্স ও গাম্বাট’ বলে মন্তব্য করেছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ওই বিজ্ঞপ্তি অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। পরে বিজ্ঞপ্তির মন্তব্যের ঘরে নিজের প্রতিক্রিয়া জানান সালাহউদ্দিন আম্মার।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু ও হল সংসদগুলোর মেয়াদ গত ২৬ অক্টোবর শেষ হয়েছে। ফলে ওই তারিখের পর তাদের কোনো কার্যক্রম বিধিসম্মত নয়। রাকসুর নাম ব্যবহার করে কোনো ছাত্রসংগঠনের কার্যক্রম পরিচালনাও বিধিবহির্ভূত। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আম্মার লেখেন, ‘কত বড় ননসেন্সগুলো, গাম্বাট বসে আছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একটাবার চিন্তা করেন।’

নিজের মন্তব্যের ব্যাখ্যায় তিনি জানান, রাকসুর সর্বশেষ অধিবেশন হয়েছিল ৩০ সেপ্টেম্বর। এরপর বাজেটের অর্থ উত্তোলন করতে ২১ অক্টোবর পর্যন্ত সময় লেগেছে। ছেলেদের ১১টি হল ও মেয়েদের কেন্দ্রীয় জিমনেসিয়ামের জন্য সরঞ্জাম অর্ডার করে আনতেও সময় প্রয়োজন হয়েছে। এ কারণে রাকসুর মেয়াদ শেষ হওয়ার পর সরঞ্জাম সরবরাহের কাজ সম্পন্ন হচ্ছে।

রাকসুর অধিবেশনে অনুমোদিত আরও অন্তত এক ডজন কাজ চলমান রয়েছে উল্লেখ করে আম্মার প্রশ্ন তোলেন, এসব কাজ কি রাকসু শেষ করবে না?

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাকসুর সাবেক সহসাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরও। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাকসুর সভাপতি। তার অনুমোদন নিয়েই রাকসুর তহবিল থেকে অর্থ উত্তোলন করে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ উদ্যোগের প্রক্রিয়া কয়েক মাস আগে শুরু হয়েছিল। বিভিন্ন ধাপ সম্পন্ন করতে সময় লাগায় সরঞ্জাম সরবরাহে বিলম্ব হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার সকালে ছেলেদের ১১টি আবাসিক হল ও মেয়েদের কেন্দ্রীয় জিমনেসিয়ামের জন্য ব্যায়ামের সরঞ্জাম সরবরাহ করে রাকসু। পাশাপাশি তায়কোয়ান্দো খেলোয়াড়দের অনুশীলনের জন্য দুটি বক্সিং ব্যাগ সরবরাহ এবং ছেলেদের কেন্দ্রীয় জিমনেসিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও জানান রাকসুর সাবেক নেতারা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রাবি প্রশাসনক  ননসেন্স  গাম্বাট  সালাহউদ্দিন আম্মার 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: