প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম
শুল্ক গুদামের বাজেয়াপ্ত পণ্য। ছবি : সংগৃহীতদিনাজপুরের হিলি কাস্টমসের শুল্ক গুদামে বাজেয়াপ্ত প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে জমা দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) স্থায়ী আদেশ অনুসরণ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর এসব পণ্য হস্তান্তর করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থল কাস্টমসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমের নির্দেশনায় এবং যুগ্ম কমিশনার মো. ফয়সাল বিন রহমানের তত্ত্বাবধানে গত সোমবার (২ নভেম্বর) তিনটি ট্রাকে করে এসব পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার ত্রাণভান্ডার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পণ্যগুলো গ্রহণ করে।
হস্তান্তর করা পণ্যের মধ্যে রয়েছে ১৪ হাজার ২৬৩টি শাড়ি, ৬ হাজার ৬৭টি কম্বল, ২ হাজার ৯২৯টি চাদর ও শাল, ৩ হাজার ১৮৯টি থ্রি-পিস এবং ২২টি টু-পিস। এর মধ্যে পঞ্চগড় কাস্টমস গুদামে সংরক্ষিত ১৪২টি শাড়িও রয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা।
তবে গুণগত মান সন্তোষজনক না হওয়ায় গ্রহণের সময় ১ হাজার ৪১টি পণ্য ফেরত দেয় ত্রাণভান্ডার কর্তৃপক্ষ। ফেরত দেওয়া পণ্যের মধ্যে রয়েছে ৬৪১টি শাড়ি, ৯টি কম্বল, ১২৯টি চাদর ও শাল এবং ২২৫টি থ্রি-পিস।
ফেরত আসা এসব পণ্য যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কমিটির সদস্য এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছে হিলি স্থল কাস্টমস কর্তৃপক্ষ।
সময়ের আলো/এনএন