প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:২১ এএম আপডেট: ০৫.১১.২০২৬ ৭:২২ এএম
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। দিনব্যাপী এ সফরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন।
সফরসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে মোংলা বন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
এরপর বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সড়কপথে খুলনা সার্কিট হাউসে যাবেন তারেক রহমান।
বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন তিনি। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হবে।
কর্মসূচি শেষে বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
এদিকে দুই সপ্তাহের ব্যবধানে এটি মোংলা বন্দরে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। তার এ সফর ঘিরে বন্দর সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাটে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
সময়ের আলো/এমকে