প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম
জব্দ কষ্টিপাথরের মূর্তি। ছবি : সংগৃহীতসীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। অক্টোবর মাসে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে প্রায় ৯৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে তিনজনকে।
বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তের প্রায় ৯৯ কিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করছে ৪২ বিজিবি। এ এলাকায় রয়েছে ২১টি বর্ডার আউটপোস্ট (বিওপি)। সীমান্তের অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি চলছে নিয়মিত টহল ও বিশেষ অভিযান।
বিজিবির অক্টোবর মাসের অভিযানে জব্দ করা হয়েছে ৫৩৬ বোতল মদ, ১০৭ বোতল ফেনসিডিল ও ৭ হাজার ২৩৫ পিস ইয়াবা। এ ছাড়া ৭২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭১০ গ্রাম গাঁজা এবং ১ হাজার ৬৪১ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এ সময় ১ হাজার ৩৭৫ বোতল নেশাজাতীয় সিরাপও জব্দ করা হয়। পাশাপাশি জব্দ করা হয়েছে একটি ট্রাক ও একটি মোটরসাইকেল। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য ৯৪ লাখ ২৮ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১০ মাসে দিনাজপুর ব্যাটালিয়ন মোট ৪৫ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।
লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপোশহীন। অপরাধী চক্রের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ৪২ বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
সময়ের আলো/এনএন