প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম
বিশেষ অভিযানে চট্টগ্রাম বিভাগে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৪ জনকে আটক করেছে পুলিশ। ছবি : সংগৃহীতকিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম বিভাগে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় এ অভিযান চালানো হয়।
রোববার (৮ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, আটক ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাংয়ের ৫৯৮ সদস্য রয়েছেন। তাদের মধ্যে ৩৯৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২০৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কুমিল্লায় সর্বোচ্চ ২৬৪ জন এবং চট্টগ্রামে ১১১ জন কিশোর গ্যাং সদস্য আটক হয়েছেন।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২৯ সদস্যকে আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে আটক হয়েছেন ১২৬ জন। এর মধ্যে ৭৬ জন মাদকসেবী এবং ৫০ জন মাদক কারবারি। এ সময় ৩৪টি মাদক মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নিয়মিত মামলায় ৮০ জন, আগের মামলায় ৬৬ জন, পরোয়ানামূলে ১৮৫ জন এবং সাজা পরোয়ানামূলে ৩৪ জনকে আটক করা হয়। এ ছাড়া পুলিশ অ্যাক্ট, ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনে আটক হয়েছেন আরও অনেকে।
পুলিশ জানিয়েছে, জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/এমকে