মাকে নিয়ে ছাত্রলীগ নেতার ঝটিকা মিছিল, গ্রেফতার ৫

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর পাংশায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা থানা পুলিশের

2026-11-08T19:40:41+00:00
2026-11-08T19:40:41+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
মাকে নিয়ে ছাত্রলীগ নেতার ঝটিকা মিছিল, গ্রেফতার ৫
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম 
মিছিলরত বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা। ছবি : সংগৃহীত
রাজবাড়ীর পাংশায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা এলাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম তার নিজের মাকে সঙ্গে নিয়ে জয় বাংলা স্লোগানে মিছিল করেন। এ সময় ৫০ থেকে ৭০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার বাগমারা গ্রামের সাল্লেক প্রামাণিকের ছেলে সাইফুল প্রামাণিক (২০), আমজাদ ওরফে টিক্কা প্রামাণিকের ছেলে ইরান প্রামাণিক (২২), মেঘনা উত্তরপাড়া গ্রামের রজব মোল্লার ছেলে নয়ন মোল্লা (২০), বাগমারা গ্রামের ফজলুল হকের ছেলে মো. রাব্বি হোসেন (২২) ও মেঘনা উত্তরপাড়া গ্রামের রাজু শেখের ছেলে সুহান শেখ ওরফে সোহান (২৩)।

পুলিশ জানায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় দায়ের করা একটি মামলার তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় তাদের আসামি করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচারসহ অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতার পাঁচজনকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, মিছিলের ছবি ও ভিডিও শনিবার সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম। পোস্টে তিনি মাকে সঙ্গে নিয়ে নিজ এলাকায় মিছিল করার কথা উল্লেখ করেন। একই সঙ্গে অতীতে নিজের ও পরিবারের ওপর হামলা, হুমকি, বাড়িঘর ভাঙচুর এবং চাঁদা দাবির অভিযোগ তুলে ধরেন। 

তিনি লেখেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর কিছুটা সুস্থ হয়ে আবার চলাফেরা শুরু করেছেন এবং আন্দোলনের কার্যক্রম চালিয়ে যাবেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   রাজবাড়ী  পাংশা  মাকে নিয় ঝটিকা মিছিল  ছাত্রলীগ নেতা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: