প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম
ছবি : সংগৃহীত‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি ও বিমান পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার স্বীকৃতি হিসেবে ট্রাভেলবিষয়ক পাক্ষিক পত্রিকা ‘দি বাংলাদেশ মনিটর’ এ পুরস্কার দিয়েছে। একই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে আরও ছয়টি স্বীকৃতি পেয়েছে এয়ারলাইন্সটি।
রোববার (৮ নভেম্বর) ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আয়োজিত অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এবং বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।
ইউএস-বাংলা জানিয়েছে, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), বেস্ট পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ এবং বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার পেয়েছে তারা। এ ছাড়া বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস এবং বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে সিলভার পুরস্কার পেয়েছে।
বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলার কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।
এক প্রতিক্রিয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সকল ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্স উত্তরোত্তর আরও ভালো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সময়ের আলো/টিকে