ছবি : সংগৃহীতদেশের ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের সুগার ইউনিটের সদ্য সমাপ্ত বিএমআর (ব্যালান্সিং, মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন) প্রকল্পের স্পেয়ার পার্টস কেনাকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। মাত্র ১০ দিনের ব্যবধানে তিন কোটি টাকার ক্রয়প্রস্তাব ছয় কোটি টাকায় উন্নীত করা, প্রকল্পের দুই বছরের ওয়ারেন্টি চলাকালে নতুন করে যন্ত্রাংশ কেনার উদ্যোগ এবং উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনাকাটার অনুমোদন নেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে প্রতিকার চেয়ে গেলো সপ্তাহে শিল্প মন্ত্রনালয়ের সচিবকে চিঠি দেয়া হয়েছে।
চিঠিতে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ও যুগ্ম সচিব মো. সাইদুর রহমানের তৎপরতায় ক্রয়প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নেওয়া হয়। এ ছাড়া ঠিকাদারদের কাছ থেকে কারিগরি অনুমোদনের জন্য কমিশন দাবির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাইদুর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নানা প্রতিকূলতা পেরিয়ে কেরু অ্যান্ড কোম্পানির সুগার ইউনিটের বিএমআর প্রকল্পের কাজ সম্পন্ন হয়। ২০২৫-২৬ মাড়াই মৌসুমের শেষ পর্যায়ে বর্ধিত সক্ষমতায় চিনি উৎপাদনও শুরু করে প্রতিষ্ঠানটি। তবে চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় স্পেয়ার পার্টস সরবরাহ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল থেকে স্পেয়ার পার্টসের মূল্য বাবদ দুই কোটি ৫৪ লাখ টাকা কেটে রাখা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।
তিন কোটি থেকে ছয় কোটি টাকার প্রস্তাব
চিঠিতে বলা হয়, স্পেয়ার পার্টসের মূল্য বাবদ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল থেকে দুই কোটি ৫৪ লাখ টাকা কেটে রাখার পরও নতুন করে তিন কোটি এবং পরে ছয় কোটি টাকা বরাদ্দ চাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে বরাদ্দ না থাকলেও নতুন করে যন্ত্রাংশ কেনার উদ্যোগ নেওয়া হয়।
এ জন্য গত ১৮ আগস্ট কেরু কর্তৃপক্ষ তিন কোটি টাকার একটি ক্রয়প্রস্তাব সদর দপ্তরে পাঠায়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে মাত্র ১০ দিনের ব্যবধানে ৩১ আগস্ট ছয় কোটি টাকার সংশোধিত প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাব পাঠাতে বিলম্বের অভিযোগে কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহাকে শোকজ করা হয়। এ-সংক্রান্ত তিনটি চিঠির কপি প্রতিবেদকের হাতে এসেছে।
ওয়ারেন্টি থাকতেই নতুন কেনাকাটা
প্রকল্পসংশ্লিষ্টদের মতে, বিএমআর প্রকল্পের কাজ চলতি বছরের ৩০ জুন শেষ হয়েছে। চুক্তি অনুযায়ী প্রকল্পের যন্ত্রপাতিতে দুই বছরের ওয়ারেন্টি রয়েছে। এ সময়ে কোনো যন্ত্রে ত্রুটি দেখা দিলে তা মেরামত বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। এমন পরিস্থিতিতে নতুন করে বিপুল অঙ্কের স্পেয়ার পার্টস কেনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, ওয়ারেন্টির শর্ত, বিদ্যমান মজুত এবং প্রকৃত চাহিদা যাচাই না করে যন্ত্রাংশ কেনা হলে সরকারি অর্থের অপচয় হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ প্রকৌশলী বলেন, তিন কোটি টাকার প্রস্তাব কী কারণে ছয় কোটি টাকায় উন্নীত করা হয়েছে, তার ব্যাখ্যা থাকা প্রয়োজন। কিন্তু এ বিষয়ে সদর দপ্তর থেকে যথাযথ ব্যাখ্যা চাওয়া হয়নি। তালিকায় থাকা কিছু যন্ত্রাংশ আগামী পাঁচ থেকে সাত বছরেও প্রয়োজন নাও হতে পারে। তাই কেনাকাটার আগে প্রকৃত চাহিদা, মজুত ও বাজারদর যাচাই করা জরুরি।
কেরুর চাহিদা অনুযায়ী যন্ত্রাংশের তালিকা পাওয়ার কথা স্বীকার করেছেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী মাহমুদুল হক। তবে তালিকাটি এখনো যাচাই করা হয়নি বলে তিনি জানিয়েছেন।
ডিপিএমে কেনাকাটার অনুমোদন নিয়ে প্রশ্ন
ক্রয়প্রক্রিয়ার আরেকটি বিতর্কিত দিক হলো সরাসরি ক্রয় পদ্ধতি বা ডিপিএমের ব্যবহার। অভিযোগ রয়েছে, কেরু কর্তৃপক্ষের প্রস্তাব যথাযথভাবে যাচাই না করেই করপোরেশনের বোর্ডকে পাশ কাটিয়ে চেয়ারম্যানের মাধ্যমে ডিপিএম পদ্ধতিতে কেনাকাটার অনুমোদন নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের দাবি, প্রস্তাবিত যন্ত্রাংশ বিএমটিএফ কিংবা মূল প্ল্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠান তৈরি করে না। সাব-কন্ট্রাক্টর নিউটেক ইন্টারন্যাশনাল স্থানীয় বাজার থেকে এসব যন্ত্রাংশ সংগ্রহ করে সরবরাহের কথা। অথচ একই ধরনের যন্ত্রাংশ দেশীয় আমদানিকারক ও সরবরাহকারীদের কাছেও পাওয়া যায়। ফলে উন্মুক্ত দরপত্রের পরিবর্তে নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ডিপিএম পদ্ধতিতে কেনাকাটার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নিউটেক ইন্টারন্যাশনাল ও এর সঙ্গে পরিচালক মো. সাইদুর রহমানের যোগসাজশের মাধ্যমে ক্রয়প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অভিযোগও শিল্প সচিবের দপ্তরে দেওয়া হয়েছে।
করপোরেশনের উৎপাদন ও প্রকৌশল বিভাগের পরিচালক মো. সাইদুর রহমানের অভিযোগ অস্বীকার করে বলেন, বোর্ডসহ ঊর্ধ্বতন পর্যায়ের পরামর্শেই ডিপিএম পদ্ধতিতে কেনাকাটার সিদ্ধান্ত হয়েছে। কমিশন দাবির অভিযোগ নিয়ে বোর্ডে কোনো আলোচনা হয়নি। নিউটেকের সঙ্গে যোগসাজশের অভিযোগ সম্পর্কেও তিনি কিছু জানেন না। আর তিন কোটি টাকার প্রস্তাব কীভাবে ছয় কোটি টাকায় উন্নীত হয়েছে, সেটিও তার জানা নেই।
সময়ের আলো/টিকে