প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:২৯ এএম
ছবি : সংগৃহীত রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার যাত্রাবাড়ীর মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এবং দারুস সালাম ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারের (ট্রাফিক) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে খিলক্ষেত ও উত্তরা পূর্ব থানার সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (৮ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
এ ছাড়া রাতে দারুস সালাম ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে খিলক্ষেত ও উত্তরা পূর্ব থানার সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এর আগে রাজধানীর পান্থপথে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
তবে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক এসব বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সময়ের আলো/এসএকে