প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ সিদ্ধান্তের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী জাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-অধ্যাপক ড. মো. শামছুল আলম
সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাবির ভর্তি পরীক্ষা ইউজিসি কর্তৃক ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী হবে।
তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকলেও জাবির ক্ষেত্রে সময়সূচি পরিবর্তনের কারণ জানতে চাইলে তিনি এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
এর আগে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা জানিয়েছিলেন, জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য কর্মদিবসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন তিনি।
এদিকে, সোমবার ইউজিসি কার্যালয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ১ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু এবং ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়।
সভা শেষে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষাসহ সব ফলাফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা যাতে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচিতে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
ইউজিসির এ সিদ্ধান্তের পর জাবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ কবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সময়ের আলো/এনএন