প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:৩২ পিএম
টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক আব্দুল্লাহ আল জোবায়ের ও সালেহীন দিপু । ছবি : সময়ের আলোঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আটক দুজনের নাম-পরিচয় জানা গেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আটক দুজনকে শাহবাগ থানায় নেওয়া হয়।
আটক দুজন হলেন জাবির সালেহীন দিপু (২৭) ও আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬)।
জাবির সালেহীন দিপু বাগেরহাটের যাত্রাপুর এলাকার জাহিদ হোসেন ও সাবিনা আহম্মেদের ছেলে। তিনি রাজধানীর কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন। অপরজন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল পাবনার সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়া এলাকার মৃত হান্নান আলম মল্লিক ও জাহানারা খাতুনের ছেলে।
প্রত্যক্ষদর্শী মাসনুন স্নিগ্ধ সময়ের আলোকে বলেন, ‘টিএসসিতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটানোর সাথে সাথে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা দৌঁড়ে গিয়ে স্পট থেকে একজনকে এবং উদ্যানসংলগ্ন গেইট থেকে একজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে এসেছি।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’
সময়ের আলো/এসকে