সংগৃহীত ছবি সময়টা ২০০৩ সাল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফের শিরোপা উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দীর্ঘ ২৩ বছর। দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে আর ট্রফি ছুঁয়ে দেখা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। এবার ঘরের মাঠে সেই অপেক্ষার অবসান ঘটানোর স্বপ্ন দেখছেন জামাল, হামজারা।
শিরোপা জয়ের মিশনে ভুটানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে টমাস ডুলির দল। এবার গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই। সেই লড়াইয়ে আজ রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি জয়ের ব্যাপারে দারুণ আত্মপ্রত্যয়ী হামজারা।
সাফে এবার গ্রুপ-এ তে লড়ছে বাংলাদেশ। যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এই ড্রয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
আজকের ম্যাচে তাই জয় কিংবা ড্র, দুই ফলেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার সুযোগ বাংলাদেশের সামনে। বিপরীতে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি বাঁচা-মরার। ড্র করতে পারলেও সেমিফাইনালে উঠবে তারা। তবে বড় ব্যবধানে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে লঙ্কানদের।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৯ বার দেখা হয়েছে তাদের। এর মধ্যে ১২ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কার জয় পাঁচটিতে। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। ১৯৮৯ সালে সাফ গেমসে প্রথম মুখোমুখি হয়ে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দুই দলের সর্বশেষ লড়াই হয়েছিল ২০২১ সালের নভেম্বরে, মাহিন্দা রাজাপাকসে কাপে। সেবার অবশ্য ২-১ গোলে জিতেছিল শ্রীলঙ্কা। সাফের মঞ্চেও দুদলের স্মৃতি আছে দুই রকম। ২০২১ আসরে লঙ্কানদের ১-০ গোলে হারালেও ২০০৮ সালে একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
এবারের আসর শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশকে ফেভারিট হিসেবে উল্লেখ করেছিলেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। নিজেদের শিরোপার দৌড়ে রাখার ব্যাপারেও খুব একটা আশাবাদ দেখাননি তিনি। তবে মাঠের লড়াইয়ে সেই বক্তব্যের প্রতিফলন কতটা দেখা যাবে, তা বোঝা যাবে আজই।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। প্রথম ম্যাচে না থাকা দলের বড় তারকা হামজা চৌধুরী মাঠে নামার অপেক্ষায়। তার সঙ্গে দলে যোগ দিচ্ছেন ইংল্যান্ড প্রবাসী ফারহান আলি ওয়াহিদ। দুজনের অন্তর্ভুক্তিতে আক্রমণভাগ ও মাঝমাঠে নতুন মাত্রা যোগ হওয়ার প্রত্যাশা স্বাগতিক শিবিরে।
তবে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা গোল করার সুযোগ কাজে না লাগাতে পারা। ভুটানের বিপক্ষে একাধিক সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি দল। শ্রীলঙ্কার বিপক্ষে সেই অপূর্ণতা কাটানোই হবে ডুলির শিষ্যদের অন্যতম চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেন লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ফর্টিস এফসির হয়ে খেলার সুবাদে এখানকার অনেক ফুটবলারকেই ভালোভাবে চেনেন তিনি। ফলে বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়দের সম্পর্কে তার ধারণা বাড়তি সুবিধা দিতে পারে শ্রীলঙ্কাকে।
এই ম্যাচে দুদলের প্রবাসী ফুটবলারদের উপস্থিতিও বাড়তি আকর্ষণ তৈরি করছে। বাংলাদেশের হয়ে হামজা ও ফারহানের মতো খেলোয়াড় যেমন মাঠে নামার অপেক্ষায়, তেমনি শ্রীলঙ্কার দলেও রয়েছে প্রবাসী ফুটবলার। জাতীয় দলের জার্সিতে দক্ষিণ এশিয়ার ফুটবলারদের এই লড়াইয়ে মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি প্রবাসী প্রতিভার উপস্থিতিও নজর কাড়বে। ২৩ বছরের শিরোপা খরা কাটানোর পথে বাংলাদেশের সামনে এখন শ্রীলঙ্কা বাধা।
সময়ের আলো/কেএইচও