সংগৃহীত ছবিগত বছর মার্চে ভারতের বিপক্ষে এএফসি বাছাইপর্ব দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। তবে মাঠের পারফরম্যান্স আর ইংলিশ ফুটবলের অভিজ্ঞতায় অল্প সময়েই হয়ে উঠেছেন দলের অন্যতম বড় ভরসা। এমনকি বাংলাদেশ তো বটেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা। সমর্থকের অনেকেরই প্রত্যাশা, তার হাতেই উঠুক জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ড। সেই দায়িত্ব পেলে যে আপত্তি নেই, তা স্পষ্ট করে দিয়েছেন হামজা। তবে নেতৃত্বের চেয়ে দলের ঐক্য ও সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই মিডফিল্ডার।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন গতকাল বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান জানান হামজা। তার ভাষায়, ‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তা হলে আমি অধিনায়ক হব।’ তবে জাতীয় দলে অভিজ্ঞতার দিক থেকে নিজের অবস্থানও বিবেচনায় রাখছেন হামজা।
তার মতে, দলে এমন অনেক ফুটবলার রয়েছেন, যারা বাংলাদেশের হয়ে প্রায় ১০০টি ম্যাচ খেলেছেন। তাদের প্রতি সম্মান জানিয়ে নেতৃত্বের সিদ্ধান্ত কোচের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। হামজা বলেন, দলের সবাই একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। ড্রেসিং রুমের পরিবেশও পরিবারের মতো। তার কাছে দলের এই ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের অধিনায়কত্ব নিয়ে আলোচনা অবশ্য নতুন নয়। দীর্ঘদিন জামাল ভূঁইয়া এই দায়িত্ব পালন করলেও তার অনুপস্থিতিতে তপু বর্মণ ও সোহেল রানার হাতেও উঠেছে নেতৃত্বের আর্মব্যান্ড। এবারের সাফে শুরুতে জামালকে অধিনায়ক ভাবা হলেও শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয় তপুকে। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে তপু চোটের কারণে খেলতে না পারায় নেতৃত্ব দেন জামাল। ইংল্যান্ডে লেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়নশিপে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে হামজার।
তবে আপাতত নেতৃত্বের আলোচনা সরিয়ে রেখে সাফের শিরোপায় চোখ হামজার। ২০০৩ সালে ঘরের মাঠে সর্বশেষ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জিতেছিল বাংলাদেশ। এরপর পেরিয়ে গেছে ২৩ বছর। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চান ঝাঁকড়া চুলের হামজা। নিজের প্রথম সাফ খেলতে নেমেই শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তিনি। হামজার ভাষায়, ‘বাংলাদেশ ২৩ বছর ধরে সাফ শিরোপা জেতেনি।
ইনশাআল্লাহ, এবার আমরা শিরোপা দেশে ফিরিয়ে আনতে পারব।’ শুধু স্বপ্ন দেখাই নয়, বর্তমান দলকে শিরোপার অন্যতম দাবিদারও মনে করেন তিনি। আত্মবিশ্বাসের সুরে বলেছেন, ‘আমার মনে হয়, বাংলাদেশই ফেবারিট। অন্তত আমি তা-ই মনে করতে চাই।’
হামজার এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে সাম্প্রতিক দলের পারফরম্যান্স। সিঙ্গাপুর, হংকং ও ভারতের মতো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে নিজেদের সামর্থ্য সম্পর্কে ধারণা পেয়েছে বাংলাদেশ। তবে এখনও উন্নতির সুযোগ রয়েছে বলেও মনে করেন এই মিডফিল্ডার। তার মতে, ফুটবল ব্যক্তিগত নৈপুণ্যের খেলা নয়; দল হিসেবে ধাপে ধাপে এগিয়ে যাওয়াই সাফল্যের চাবিকাঠি।
হামজা জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকেই লাল-সবুজের সমর্থকদের মধ্যে তুমুল ক্রেজ তৈরি হয়েছে। তবে বিষয়টিকে একক কৃতিত্ব না দিয়ে শমিত সোম, ফারহান ওয়াহিদ কিংবা ফাহমিদুলদের জাতীয় দলে যুক্ত হওয়ার সময়টাকে ‘পারফেক্ট টাইমিং’ হিসেবে আখ্যা দেন। হামজার মতে, শুধু বাহ্যিক উন্মাদনা বা হাইপে আটকে থাকার সময় নেই; এখন মূল লক্ষ্য মাঠে সেরাটা দিয়ে শিরোপা ছিনিয়ে আনা।
প্রতিপক্ষকে সমীহ করলেও জয় নিয়েই আশাবাদী হামজা। তার মতে, গত এক বছরে শ্রীলঙ্কার উন্নতি হয়েছে, তবে বাংলাদেশও নিজেদের খেলার মান বাড়িয়েছে। ভুটানের বিপক্ষে কঠিন ম্যাচ জয়ের পর দলের আত্মবিশ্বাস বেড়েছে। তাই আজও ইতিবাচক ফলের প্রত্যাশা। শ্রীলঙ্কার ওপর তুলনামূলক বেশি চাপ রয়েছে উল্লেখ করে হামজা বলেন, ‘ওরা খুব শক্তিশালী দল।
গত ১২ মাসে তারা দারুণ উন্নতি করেছে। তবে আমরাও উন্নতি করেছি। ভুটানের বিপক্ষে ম্যাচটি কঠিন ছিল, আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। তাই আমাদের আত্মবিশ্বাস রয়েছে। এখন ওদের ওপরই চাপ বেশি, কারণ ওদের হার এড়াতে হবে। আমরা বিষয়টি নিয়ে রোমাঞ্চিত ও আত্মবিশ্বাসী। ইনশাআল্লাহ, আগামীকাল (আজ) আমরাই জিতব।’
সময়ের আলো/কেএইচও