প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২৬ এএম
মো. গোলাপ হোসেন ও কারণ দর্শানোর নোটিশ। ছবি : সংগৃহীতনাশকতার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে প্রভাব খাটিয়ে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. গোলাপ হোসেনের বিরুদ্ধে। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি।
গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠিতে তাকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার নোটিশটি প্রকাশ করা হয়।
নোটিশে বলা হয়, গত ৫ নভেম্বর নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় গোলাপ হোসেন নিজের দলীয় পদ-পদবির প্রভাব খাটিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। তার এ কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী বলেও নোটিশে উল্লেখ করা হয়।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা গোলাপ হোসেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্ধারিত সময়ের মধ্যেই নোটিশের লিখিত জবাব দেবেন বলেও জানান তিনি।
উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসএম নূর মোহাম্মদ বলেন, পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনি ব্যবস্থা নেয়। থানায় প্রভাব খাটিয়ে কোনো আসামিকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। ওই দিন একটি গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ইউপি সদস্য আলমকে থানায় আনা হয়েছিল। তবে পরোয়ানায় উল্লেখ করা নাম ও ঠিকানার সঙ্গে তার নাম-ঠিকানার মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
সময়ের আলো/এনএন