ছবি : সংগৃহীত কানাডায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন এমন দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। দেশটির গ্রামীণ ও ছোট শহরকেন্দ্রিক অভিবাসন উদ্যোগ ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’ (আরসিআইপি) পরীক্ষামূলক পর্যায় পেরিয়ে স্থায়ী কর্মসূচিতে রূপ নিতে যাচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন কর্মসূচিটি কার্যকর হবে।
কানাডার প্রত্যন্ত অঞ্চলের শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদা পূরণ এবং বিদেশি কর্মীদের আকৃষ্ট করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির প্রথম বছরেই প্রায় ৫ হাজার ৫০০ দক্ষ বিদেশি কর্মীকে স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে অটোয়া ও টরন্টোর মতো বড় শহরের বাইরে ছোট শহর ও গ্রামীণ এলাকায় স্থায়ীভাবে বসবাসের নতুন পথ তৈরি হবে।
প্রাথমিকভাবে আগের পরীক্ষামূলক কর্মসূচির আওতায় থাকা ১৪টি এলাকাকে নতুন উদ্যোগে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে আলবার্টার ক্লেয়ারশোলম, ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াড। এ ছাড়া অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান ও নোভা স্কশিয়ার কয়েকটি ছোট শহরও এ কর্মসূচির আওতায় থাকবে।
আবেদনে যেসব যোগ্যতা লাগবে
এ কর্মসূচিতে আবেদন করতে হলে প্রথমেই তালিকাভুক্ত এলাকার কোনো অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির কর্তৃপক্ষের কাছ থেকে সুপারিশপত্র বা ‘কমিউনিটি রেকমেন্ডেশন সার্টিফিকেট’ নিতে হবে।
আবেদনকারীর সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ, আবেদনের আগের তিন বছরের মধ্যে কমপক্ষে ১ হাজার ৫৬০ ঘণ্টা বেতনভুক্ত কাজের অভিজ্ঞতার প্রমাণ দিতে হবে।
এ ছাড়া ইংরেজি বা ফরাসি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা, নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং কানাডায় গিয়ে নিজের ও পরিবারের ভরণপোষণের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ দেখাতে হবে।
ভাষাগত দক্ষতার ক্ষেত্রে চাকরির ধরন অনুযায়ী শর্ত ভিন্ন। ব্যবস্থাপনা ও উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির (টিইইআর ০ ও ১) ক্ষেত্রে কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক (সিএলবি) ৬, টিইইআর ২ ও ৩-এর ক্ষেত্রে সিএলবি ৫ এবং টিইইআর ৪ ও ৫-এর ক্ষেত্রে সিএলবি ৪ পর্যায়ের দক্ষতা থাকতে হবে।
বিদেশি শিক্ষাগত সনদের ক্ষেত্রে সমমান নির্ধারণের প্রতিবেদন (ইসিএ) প্রয়োজন হতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত আবেদনকারীদের আর্থিক সামর্থ্যের প্রমাণ দেওয়ার শর্তে বিশেষ ছাড় রয়েছে।
যেভাবে আবেদন করবেন
প্রথমে আবেদনকারীকে কর্মসূচির আওতাভুক্ত ১৪টি কমিউনিটির মধ্যে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজতে হবে। এরপর সংশ্লিষ্ট এলাকার অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব সংগ্রহ করতে হবে।
আবেদনের পরবর্তী ধাপে নিয়োগকর্তাই সংশ্লিষ্ট কমিউনিটি কর্তৃপক্ষের কাছে আবেদনকারীর জন্য সুপারিশপত্র চাইবেন। কমিউনিটির অনুমোদন বা সুপারিশ পাওয়ার পর আবেদনকারী কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক সংস্থা (আইআরসিসি) বরাবর স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন।
তবে এ কর্মসূচিতে যেকোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। নিয়োগকর্তাকে অবশ্যই সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত হতে হবে। একই সঙ্গে চাকরিটি ওই এলাকার চাহিদাসম্পন্ন বা অগ্রাধিকারপ্রাপ্ত পেশার তালিকায় থাকতে হবে।
এভাবে কানাডার বড় শহরগুলোর বাইরে ছোট শহর ও গ্রামীণ এলাকায় দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরির পরিকল্পনা করছে দেশটির সরকার।
সময়ের আলো/এসএকে