প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম আপডেট: ১১.১১.২০২৬ ৫:২৫ পিএম
সুন্দরবন। ছবি : সংগৃহীত পর্যটক নিহতের ঘটনায় সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন রেঞ্জে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য মৌখিক নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। তবে আগের নিয়মে এক দিনের ভ্রমণের অনুমতি বহাল থাকবে।
বুধবার (১১ নভেম্বর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান।
তিনি বলেন, গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। বন বিভাগ ও কোস্টগার্ডের টানা অভিযানের পর ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখালের চর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি মৌখিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা আরও বলেন, আপাতত কাঠের বডির ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে এক দিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মেই চালু থাকবে।
নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে, জানতে চাইলে তিনি বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য এ অনুমতি বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, সুন্দরবনে এর আগেও পর্যটকদের মৃত্যুসহ নৌযান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে মারা যান ১৬ বছর বয়সী পর্যটক মাহিত আব্দুল্লাহ। এ ছাড়া ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদে পর্যটকবাহী একটি জালিবোট ডুবে গেলে ১৩ জনকে উদ্ধার করা হয়। ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে একটি বোট ডুবির ঘটনা ঘটে।
সময়ের আলো/জেডি