প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:০৫ পিএম
কুষ্টিয়া মডেল থানা। ছবি : সংগৃহীতকুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে এজাহারে নাম থাকা ১৫ জনের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সেখানে অবস্থানরত কয়েকজনের সঙ্গে পুলিশ সদস্যদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ডিবি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।
এতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রকিব উদ্দিন জনি বাদী হয়ে মামলা করেন।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে।
পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যরা মাদক উদ্ধারে অভিযান চালাতে গেলে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারের কপি হাতে পেলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
সময়ের আলো/এনএন