প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:০১ পিএম আপডেট: ১১.১১.২০২৬ ২:১৭ পিএম
সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। ছবি : সময়ের আলো তিন দফা দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতির কারণে আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে।
জানা গেছে, হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তবে সাভারের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।
অন্যদিকে, সকাল ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। কিছুক্ষণ পর তারা কর্মবিরতি শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে কয়েক শ শ্রমিক বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় জড়ো হন।
এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে ধাওয়া দেয়। এতে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনার পর আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকালে বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে তাদের সড়কে অবস্থান করতে দেওয়া হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/এনএন