দেবদারুতলায় মহাযজ্ঞ, প্রতিদিন অর্ধকোটি টাকার জলপাই বিক্রি

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

জলপাইয়ের নাম শুনলে জিভে জল আসে না—এমন মানুষ খুঁজে পাওয়া ভার। একসময় গ্রামের বাড়ির আঙিনায় অবহেলায় পড়ে থাকা এই টক-মিষ্টি

2026-11-11T13:22:26+00:00
2026-11-11T13:22:26+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
দেবদারুতলায় মহাযজ্ঞ, প্রতিদিন অর্ধকোটি টাকার জলপাই বিক্রি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২২ পিএম 
‘দেবদারুতলা’ এখন আর কেবল একটি নাম নয়, বরং উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই বাণিজ্যের এক বিশাল কেন্দ্র। ছবি : সময়ের আলো
জলপাইয়ের নাম শুনলে জিভে জল আসে না—এমন মানুষ খুঁজে পাওয়া ভার। একসময় গ্রামের বাড়ির আঙিনায় অবহেলায় পড়ে থাকা এই টক-মিষ্টি ফলটিই এখন বদলে দিচ্ছে পঞ্চগড়ের দেবীগঞ্জের অর্থনীতির চিত্র। দেবীগঞ্জ উপজেলার ‘দেবদারুতলা’ এখন আর কেবল একটি নাম নয়, বরং উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই বাণিজ্যের এক বিশাল কেন্দ্র। প্রতিদিন এখানে ১৪০ থেকে ২০০ টন জলপাই কেনাবেচা হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা। মৌসুমের ভরা সময়ে এই লেনদেন ছাড়িয়ে যায় কোটি টাকার ঘর।

সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততা জলপাই ঘিরে

প্রতিদিন ভোরে দেবদারুতলায় শুরু হয় মানুষের আনাগোনা। চারপাশ থেকে ভ্যান, ইজিবাইক আর নছিমনে করে আসতে থাকে জলপাইয়ের বস্তা। কেবল পঞ্চগড় নয়, পার্শ্ববর্তী ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী থেকেও কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের সংগৃহীত ফল নিয়ে ছোটেন এই হাটে। হাটজুড়ে দেখা যায় জলপাইয়ের ছোট-বড় স্তূপ। কোথাও চলছে ওজন মাপার কাজ, কোথাও আকারের ভিত্তিতে চলছে বাছাই। পুরুষদের পাশাপাশি এই কর্মযজ্ঞে সরব উপস্থিতি রয়েছে স্থানীয় নারী শ্রমিকদেরও।

জীবিকার নতুন হাতছানি

এই হাটকে কেন্দ্র করে কয়েকশ মানুষের স্থায়ী ও অস্থায়ী কর্মসংস্থান হয়েছে। কেউ নিজের গাছের ফল বিক্রি করে বাড়তি আয় করছেন, আবার কেউ গ্রাম থেকে সংগ্রহ করে এখানে বিক্রি করে চালাচ্ছেন সংসার।

দেবীগঞ্জ সদরের কৃষক আবুল হোসেন ও সাহেব আলী জানান, প্রথমবারের মতো গাছ থেকে জলপাই পেড়ে এই হাটে এনেছেন। ১৬ টাকা কেজি দরে বিক্রি করে তারা বেশ খুশি। ক্ষুদ্র ব্যবসায়ী মতিউর রহমান বলেন, আমরা তিনজন মিলে গত ৮ বছর ধরে গ্রাম থেকে জলপাই সংগ্রহ করে এখানে বিক্রি করি। দিনশেষে ১০০০ থেকে ১২০০ টাকা লাভ থাকে, যা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলছে।

হাটের ৩০ সদস্যের একটি নারী শ্রমিক দলের সদস্য সাবিত্রী দাস জানান তাদের পরিশ্রমের গল্প। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জলপাই বাছাই ও বোঁটা ছাড়ানোর কাজ করে দিনে ৩০০ টাকা মজুরি পান তারা।

গন্তব্য যখন দেশ ও বিদেশ

দেবীগঞ্জের এই জলপাই কেবল উত্তরবঙ্গেই সীমাবদ্ধ নয়। এখান থেকে বড় বড় কোম্পানি যেমন প্রাণ (PRAN) জলপাই কেনে। এছাড়া ট্রাকবোঝাই হয়ে এই ফল পৌঁছে যায় ঢাকা, বরিশাল, যশোরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়। এমনকি দেবীগঞ্জের এই জলপাইয়ের চাহিদা রয়েছে দেশের বাইরেও।

সংকট ও সম্ভাবনা

উত্তরবঙ্গের এত বড় বাজার হওয়া সত্ত্বেও এখানে জলপাই সংরক্ষণের জন্য কোনো হিমাগার (Cold Storage) নেই। ফলে প্রতিদিনের সংগৃহীত জলপাই সেদিনই ট্রাকে তুলে পাঠিয়ে দিতে হয়। ব্যবসায়ীদের দাবি, একটি সরকারি হিমাগার নির্মাণ করা গেলে জলপাই নষ্ট হওয়ার ঝুঁকি কমত এবং চাষিরা আরও ভালো দাম পেতেন।

হাটের ইজারাদার কাদেরী কিবরিয়া রানা বলেন, সংরক্ষণাগার না থাকায় আমরা বাধ্য হয়ে দ্রুত মাল ছেড়ে দিই। হিমাগার থাকলে এই বাজারের পরিধি আরও কয়েকগুণ বাড়ত।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ জানান, অক্টোবর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এখানে জমজমাট কেনাবেচা চলে। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এটি এখন দেশের প্রধান জলপাই হাবে পরিণত হয়েছে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা জানান, হাটের পরিসর বাড়াতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা রয়েছে। এছাড়া একটি আধুনিক হিমাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠাব।

অবহেলায় বেড়ে ওঠা জলপাই আজ দেবীগঞ্জের মানুষের কাছে ‘সবুজ সোনা’। সঠিক পরিকল্পনা, হিমাগার স্থাপন এবং বাজারজাতকরণের আধুনিকায়ন করা গেলে এই হাটটি কেবল উত্তরবঙ্গ নয়, বরং সারা দেশের অর্থনীতিতে এক অনন্য নজির স্থাপন করবে। দেবদারুতলার এই জলপাইয়ের ঘ্রাণ ছড়িয়ে পড়ুক বিশ্বময়—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

সময়ের আলো/এনএন

  বিষয়:   দেবদারুতলা  মহাযজ্ঞ  অর্ধকোটি টাকা  জলপাই বিক্রি  পঞ্চগড়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: