প্রতিদিন এসব জমি থেকে ৪০০ থেকে ৫০০ মণ শসা সংগ্রহ করা হচ্ছে। ছবি : সময়ের আলোপাবনার বেড়া উপজেলার দুর্গম চরাঞ্চলে বনজঙ্গল পরিষ্কার করে পতিত জমিতে শসা চাষে সাফল্য পাচ্ছেন কৃষকরা। যমুনার চরে প্রায় ৩৫০ বিঘা জমিতে শসার আবাদ করেছেন প্রায় অর্ধশত কৃষক। প্রতিদিন এসব জমি থেকে ৪০০ থেকে ৫০০ মণ শসা সংগ্রহ করা হচ্ছে। প্রতি মণ শসা ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি করছেন তারা। এতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাড়ে পেচাকোলা ও চক নয়ানপুর মৌজায় এ শসার আবাদ হয়েছে। আগে এসব জমি বনজঙ্গলে ঘেরা ছিল। বর্তমানে সেখানে শসা চাষের মাধ্যমে প্রায় ২০০ নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে।
সরেজমিনে চরাঞ্চলের শসা প্রকল্প ঘুরে কৃষক মো. শিহাব ফকিরের সঙ্গে কথা হয়। তিনি জানান, ফরিদপুর উপজেলার শ্রী গোবিন্দপুর গ্রাম থেকে ছয়টি দলে প্রায় অর্ধশত কৃষক এখানে এসেছেন। স্থানীয়দের সহযোগিতায় তারা বনজঙ্গলে ঘেরা পতিত জমি পরিষ্কার করেন। পরে যন্ত্রের সাহায্যে জমিগুলো চাষের উপযোগী করেন। ভাদ্র মাসের শেষ দিকে এসব জমিতে হাইব্রিড শসার বীজ বপন করেন।
কৃষক আলীম ফকির জানান, বীজ বপনের ৪০ দিনের মধ্যেই গাছে শসা ধরতে শুরু করে। খেতের পরিচর্যা, সার ও কীটনাশক প্রয়োগ এবং শসা সংগ্রহের কাজে প্রতিদিন প্রায় ২০০ নারী-পুরুষ শ্রমিক কাজ করছেন। নারী শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা। পুরুষ শ্রমিকরা পান ৬০০ টাকা।
কৃষক হাজী আবুসামা জানান, প্রতিদিন খেত থেকে কমপক্ষে ৪০০ মণ শসা সংগ্রহ করা হচ্ছে। নিজস্ব নৌকায় এসব শসা নাকালিয়া ও পেচাকোলা নদীর ঘাটে নেওয়া হয়। পরে ট্রাক ও ট্রলিতে করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুরের চাকসা ও চরপাড়া আড়তে পাঠানো হয়। সেখানে পাইকারি দরে শসা বিক্রি করা হচ্ছে। বর্তমানে প্রতি মণ শসার দাম ৭০০ থেকে ৮০০ টাকা। ব্যবসায়ীরা এসব শসা কিনে দেশের বিভিন্ন জেলা শহরে নিয়ে যাচ্ছেন।
শসা চাষের খরচ ও লাভের বিষয়ে কৃষক জুলু প্রাং জানান, প্রতি বিঘা জমি লিজ নিতে গড়ে পাঁচ হাজার টাকা দিতে হয়েছে। এ ছাড়া বনজঙ্গল পরিষ্কার, বীজ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি বিঘায় ব্যয় হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। তিনি আশা করছেন, প্রতি বিঘা জমির শসা বিক্রি করে দেড় লাখ টাকা পর্যন্ত আয় হবে। তবে খরচ বাদে প্রকৃত লাভ নির্ভর করবে উৎপাদন ও বাজারদরের ওপর।
প্রকল্পে কাজ করা শ্রমিক সোহেল, মিরাজ, মাসুদ, নুরজাহান, মাবিয়া ও তারাবানুসহ কয়েকজন জানান, প্রতিদিন দুই শতাধিক শ্রমিক খেত পরিচর্যা ও শসা সংগ্রহের কাজ করছেন। এ কাজ করে তারা জীবিকা নির্বাহ করছেন।
বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর বলেন, অন্য উপজেলা থেকে কৃষকরা এসে বেড়ার চরাঞ্চলে শসা চাষের প্রকল্প করেছেন, এমন তথ্য তার জানা ছিল না। এ প্রতিবেদকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। তবে চরাঞ্চলের উর্বর মাটি শসা চাষের উপযোগী। প্রকল্পের কৃষকরা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করলে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
সময়ের আলো/এনএন