কোথাও চলছে ধান কাটা, কোথাও চলছে মাড়াইয়ের প্রস্তুতি। ছবি : সময়ের আলোমাঠজুড়ে পাকা ধানের সোনালি আভা। কোথাও চলছে ধান কাটা, কোথাও চলছে মাড়াইয়ের প্রস্তুতি। চট্টগ্রামের বোয়ালখালীতে আগাম আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অনুকূল আবহাওয়ায় এবার ফলনও হয়েছে ভালো। তবে সার, জ্বালানি তেল, ট্রাক্টর ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় সেই স্বস্তিতে কিছুটা ভাটা পড়েছে। ভালো ফলন হলেও উৎপাদন খরচ বাদ দিয়ে কতটা লাভ থাকবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকেরা।
উপজেলার জ্যৈষ্ঠপুরা ও করলডেঙ্গা পাহাড়ের পাদদেশের জমিতে ইতোমধ্যে আমন ধান কাটা শুরু হয়েছে। তবে কৃষকদের অভিযোগ, কৃষি উপকরণের দাম বাড়লেও সেই তুলনায় বাড়েনি ধানের দাম কিংবা সরকারি সহায়তা।
জ্যৈষ্ঠপুরা এলাকার কৃষক রিংকন চৌধুরী ১০ কানি (৪ একর) জমিতে আমন ধানের চাষ করেছেন। দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেও কৃষি বিভাগের কাছ থেকে কোনো সহায়তা পাননি বলে অভিযোগ তার। রিংকন বলেন, সার, তেল ও ট্রাক্টরের দাম বেড়ে গেছে। এক কানি (৪০ শতক) জমি চাষ করতে এখন ট্রাক্টরের খরচ চার থেকে সাড়ে চার হাজার টাকা দিতে হচ্ছে। আগে সারের দাম ছিল ২৫ টাকা, এখন ৫০ থেকে ৫৫ টাকা। আবার ভালো মানের সারও পাচ্ছি না।
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ছোটবেলা থেকে কৃষিকাজ করছি। আমাদের পরিবারের প্রায় ১০ কানি জমি রয়েছে। কিন্তু কৃষি অফিস থেকে এখন পর্যন্ত এক মুঠো সারও পাইনি। দুইবার যোগাযোগ করেও কোনো ধরনের সুযোগ-সুবিধা পাইনি। কৃষকদের জন্য সরকারি সহায়তা আরও বাড়ানো প্রয়োজন।
তবে বাড়তি খরচের মধ্যেও ভালো ফলনের আশায় স্বস্তি খুঁজছেন অন্য কৃষকেরা। জ্যৈষ্ঠপুরা ব্রাহ্মণ বিলের কৃষক ইসমাইল হোসেন বাদশা দুই কানি (৮০ শতক) জমিতে আমন ধানের চাষ করেছেন। ইতোমধ্যে তার জমির ধান কাটা শেষ হয়েছে। তিনি জানান, প্রতি কানি জমিতে ৭০ থেকে ৮০ আড়ি ধান পাওয়ার আশা করছেন। তার মতে, জমির উর্বরতার ওপর ফলন অনেকটা নির্ভর করে।
একই এলাকার কৃষক ওসমান পাঁচ কানি (২ একর) জমিতে স্থানীয় জাতের সাদা পাঞ্জা ধানের চাষ করেছেন। তার ভাষ্য, পাঁচ কানি জমিতে চাষাবাদ করতে প্রায় ৭৫ হাজার টাকা খরচ হয়েছে। ধান বিক্রি করে এক লাখ টাকা পাওয়ার আশা করছেন তিনি। ব্রাহ্মণ বিলের জমিতে পানি দ্রুত নেমে যাওয়ায় এ জাতের ধান চাষ করেছেন বলেও জানান তিনি।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোয়ালখালীতে ৪ হাজার ৭৯৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি ধান-২২, ২৩, ৫২, ৮৭, ৯৫ ও ১০৩ উল্লেখযোগ্য। মাঠপর্যায়ের পর্যবেক্ষণে ব্রি ধান-৯৫ ও ১০৩ জাতের ফলন তুলনামূলক বেশি পাওয়া গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম জানান, এ বছর উপজেলায় আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ২০ হাজার ১০০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। জ্যৈষ্ঠপুরা ও করলডেঙ্গা পাহাড়ের পাদদেশে আগাম ধান কাটা শুরু হয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে উপজেলায় পুরোদমে ধান কাটা শুরু হবে। তবে দেরিতে রোপণ করা ইউনিয়নগুলোতে ধান কাটতে আরও ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে।
সময়ের আলো/এনএন